প্রতারণার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খলিলুর রহমান (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে তাঁর দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। খলিল নগর পুলিশে রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন (কনস্টেবল নম্বর ১৬৬০)। তবে এ বিষয়ে নগর পুলিশের কেউ দাপ্তরিকভাবে মুখ খুলতে চাচ্ছেন না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পরিচয় দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দুই সহযোগী হলেন জাহাঙ্গীর আলম (৩২) ও আরমান (২২)। গত রোববার রাতে নগরের ডবলমুরিংসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরে গতকাল বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঞার আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের নিবন্ধন শাখার খুলশী থানার (জিআরও) এসআই মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘খুলশী থানার একটি মামলায় এক পুলিশসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’