প্রতারণার মামলায় এনজিও কর্মকর্তা কারাগারে
গোপালগঞ্জে প্রতারণার মামলায় সাউদার্ন গণ-উন্নয়ন সমিতির (এসজিএস) পরিচালক শেখ দেলোয়ার হোসেন ও কর্মচারী ছলেমান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান ওই আদেশ দেন।
দেলোয়ার হোসেন ও ছলেমান মিয়া শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে এইচআইভি এইডস ও ভিজিডি প্রকল্পে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শহরের পাচুরিয়া মহল্লার বাসিন্দা ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আকতার হোসেনের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়েছিলেন দেলোয়ার ও ছলেমান। কিন্তু তাঁরা আকতারকে চাকরি দিতে পারেননি। পরে তাঁরা আকতারের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। একপর্যায়ে আকতার তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
আকতার হোসেন বলেন, টাকা ফেরত না পেয়ে ২০১২ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দেলোয়ার ও ছলেমানকে আসামি করে টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারণা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার এসআই এস এম আজিজুর রহমান বলেন, এ মামলায় দেলোয়ার ও ছলেমানকে অভিযুক্ত করে গত ১৪ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়।