প্রতারণার মামলার তদন্ত ফিরে পাচ্ছে পুলিশ
প্রতারণা ও জালিয়াতির মামলা তদন্তের এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে পুলিশের কাছে ফিরছে। এ জন্য গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৫ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, সরকারি সম্পত্তি-সম্পর্কিত এবং সরকারি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন-সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি মামলা ছাড়া অন্য কয়েকটি অপরাধের মামলা তদন্তের দায়িত্ব পুলিশ পাবে।
২০১৩ সালের ডিসেম্বরে এক সংশোধনীতে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৬৯ ও ৪৭১ ধারার অপরাধ তদন্তের দায়িত্বও দুদকের ওপর বর্তায়। ৪২০ ধারাটি প্রতারণা-সংক্রান্ত। অন্যগুলো ব্যক্তিগত অর্থ আত্মসাৎ ও জালিয়াতি-সংক্রান্ত। ২০১৩ সালের ডিসেম্বরের আগে এসব ধারার মামলা তদন্ত করত পুলিশ। বিচার হতো হাকিম আদালতে। আইন সংশোধনের ফলে দুদক আইনের তফসিলভুক্ত অপরাধের বিচারের এখতিয়ার জেলা জজ আদালতের কাছে যায়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, এই সংশোধনীর মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর অধীন কেবল ঘুষ ও দুর্নীতি-সংক্রান্ত অপরাধগুলো দুদক তদন্ত করবে।
স্থানীয় সরকারের তিনটি বিল পাস: নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে গতকাল সংসদে বিল পাস হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলগুলো পাসের জন্য উত্থাপন করেন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) বিল ২০১৫ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল—তিনটিতেই রাজনৈতিক দল বলতে গণপ্রতিনিধিত্ব আদেশের সংজ্ঞায়িত রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে।
মানিলন্ডারিং আইন সংশোধন বিল পাস: মুদ্রা পাচারের অপরাধ তদন্তে দুদকের সঙ্গে অন্য তদন্ত সংস্থার অংশ নেওয়ার সুযোগ রেখে মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল ২০১৫ গতকাল সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পরে সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।