প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি কুতুব গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে গতকাল শুক্রবার সকালে কুতুবউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে করা দুই মামলায় কুতুব ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ধানমন্ডির ৮/এ সড়কের বাসায় অভিযান চালিয়ে কুতুবকে গ্রেপ্তার করে। কিছুদিন আগে তিনি প্রতারণার একটি মামলায় উত্তরা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গত বুধবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।মোহাম্মদপুর থানার ওসি বলেন, কুতুব নিজেকে ব্যারিস্টার শাহাদত পরিচয় দিয়ে মানুষের সঙ্গে নানা কৌশলে প্রতারণা করছিলেন। তিনি জমি, ফ্ল্যাট কিংবা চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করতেন। শুধু মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে করা প্রতারণা মামলায় ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।