প্রতারণার শিকার আটজন নেপাল থেকে ফিরেছেন
প্রতারণার শিকার হয়ে নেপাল থেকে দেশে ফিরে এসেছেন বরগুনা সদর ও তালতলী উপজেলার আটজন। ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তাঁরা দেশে ফিরেছেন।তাঁরা হলেন: তালতলী উপজেলার তালতলী গ্রামের জামাল হোসেন, কাজীরখালের মামুন মিয়া, মমিষে পাড়ার ছগির হোসেন মৃধা, বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের সোহরাব হোসেন, ডৌয়াতলার ফনি কর্মকার, লতাবাড়িয়া গ্রামের ইউসুব আলী, গাববাড়িয়ার সাইদুল ইসলাম ও কেওড়াবুনিয়া গ্রামের একজন গৃহবধূ।প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগ করেন, বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের নান্না হাওলাদারের মেয়ে রোজি আক্তার তাঁদের কাছ থেকে ৮০ হাজার থেকে এক লাখ টাকা করে নিয়ে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে তাঁদের সড়কপথে ভারত হয়ে নেপাল নিয়ে যান।তাঁরা আরও জানান, নেপালে নিয়ে তাঁদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। লোহার রড পুড়ে ছেঁকা দেওয়া হয়েছে। বেশির ভাগ সময় তাঁদের জোর করে মাদকদ্রব্য খাইয়ে অচেতন করে রাখা হতো। দেশে ফিরে তাঁরা বরগুনা থানার পুলিশের কাছে এই প্রতারণার কথা জানিয়েছেন।তালতলী গ্রামের জামাল হোসেন বলেন, ‘৮০ হাজার টাকা খরচ কইরা নেপাল গেছিলাম। দালাল কইছিল, ভালো বেতনের কাম দিব। তা তো দেয়ই নাই। উল্টা ঘরের মইধ্যে আটকাইয়া মাইরধোর করত। পরে ওই দালালের হাত-পা ধইরা আরও ২৬ হাজার টাকা দিয়া দ্যাশে আইছি।’এ ব্যাপারে রোজি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা জানান, নেপাল থেকে ফিরে আসা ব্যক্তিরা থানায় এসেছিলেন। তাঁদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।