প্রতারণার শিকার ছাত্রীর আত্মহননের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার কাকচিড়া লঞ্চঘাট এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছে দশম শ্রেণীর এক ছাত্রী। বিয়ের প্রলোভনে প্রতারিত হয়ে ওই ছাত্রী রোববার এভাবে আত্মহননের চেষ্টা চালায়।এ সময় লঞ্চঘাটে থাকা লোকজন ছাত্রীটিকে নদী থেকে উদ্ধার করে। সে বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের হারুন প্যাদার ছেলে জুয়েল প্যাদা ছাত্রীটিকে অপহরণ করে মুন্সিরহাট এলাকার একটি বাড়িতে রেখে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। প্রায় তিন মাস ওই বাড়িতে রাখার পর জুয়েল ছাত্রীটিকে নিজলাঠিমারা গ্রামের তার নিজ বাড়িতে নিয়ে আসে। এর পর থেকে প্রায়ই ছাত্রীটির ওপর নির্যাতন চলে। নির্যাতন সহ্য করতে না পেরে ওই বাড়ি থেকে সে পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যপারে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপজেলা ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, ছাত্রীটি রোববার ফিরে এলে তার বাবা তাকে আর ঘরে তোলেননি। এরপর সে জুয়েলকে মুঠোফোনে ডেকে তার সঙ্গে চলে যায়। জুয়েল তাকে কাকচিড়া লঞ্চঘাটে রেখে পালিয়ে গেলে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা চালায়।পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল আহসান বলেন, ‘মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে আমাদের পর্যবেক্ষণে রয়েছে। তবে মেয়েটি বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।’পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় জুয়েলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ছাত্রীটির জবানবন্দিও নেওয়া হয়েছে। জুয়েলসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।