প্রতারণার শিকার ১২ যুবক এখন লালমনিরহাট জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার শিকার হয়ে ১২ বাংলাদেশি যুবক এখন লালমনিরহাট জেলহাজতে। গত শুক্রবার গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিডিআর তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবকেরা হলেন জামালপুরের রায়হান মিয়া, সৈয়দ আলী, সোহেল রানা, আসাদুল ইসলাম, লাল মিয়া; ফরিদপুরের আয়নাল মিয়া, আবদুল মোতালেব; কুমিল্লার নাসির উদ্দিন, ওমর ফারুক, হুমায়ুন কবির এবং বরগুনার ছগির খান ও আজগর আলী।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ওই ১২ জন টাঙ্গাইলের মুকুল নামের এক আদম ব্যবসায়ীর মাধ্যমে পাসপোর্ট ভিসা নিয়ে ইরাকের উদ্দেশে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। কিন্তু বিমানটি তাঁদের নিয়ে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। সে সময় তাঁরা বুঝতে পারেন, আদম ব্যবসায়ী তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। পরে তাঁদের ইরাকে পাঠানো হবে—এমন আশ্বাস দিয়ে আদম ব্যবসায়ী তাঁদের কাছ থেকে পাসপোর্ট ভিসাসহ অন্যান্য কাগজপত্র নিয়ে উধাও হয়ে যান। পরে প্রতারিত যুবকেরা দেশে ফেরার জন্য নেপাল থেকে ভারত হয়ে দহগ্রাম সীমান্তে আসেন। শুক্রবার রাত ১১টার দিকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের গতকাল শনিবার সকালে লালমনিরহাট আদালতে হাজির করা হয়। প্রতারণার শিকার নাসির উদ্দিন জানান, টাঙ্গাইলের মুকুল নামের এক আদম ব্যবসায়ী তাঁদের ইরাকে পাঠানোর কথা বলে জনপ্রতি চার থেকে পাঁচ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। এখন তাঁরা নিঃস্ব, বাড়িতে ফিরে যাওয়ার টাকাও নেই। লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন ওই ১২ জন বাংলাদেশিকে আটক করে পাটগ্রাম থানায় কাছে হস্তান্তরের কথা স্বীকার করেছেন। পাটগ্রাম থানার ওসি ময়নুল ইসলাম বলেন, আটক ওই ১২ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা হয়েছে।