প্রতারিত বিশ্ববিদ্যালয়ছাত্রীর মামলা নেয়নি পুলিশ
ভালোবেসে বিয়ে করার পর প্রতারিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন সম্মান দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। কিন্তু পুলিশ এখনো তাঁর মামলা নথিভুক্ত করেনি। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ভয়ে ওই ছাত্রী এখন পালিয়ে আছেন।পরিবার থেকে জানা যায়, পরিচয়ের সূত্র ধরে ঢাকার ধামরাইয়ের কায়েতপাড়ার রেজওয়ানুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আশুলিয়ার ওই বিশ্ববিদ্যালয়ছাত্রীর। ওই সম্পর্কের সূত্র ধরে রেজওয়ানুর মাস ছয়েক আগে ওই ছাত্রীর পরিবারকে বিয়ের প্রস্তাব পাঠান। প্রথমে আপত্তি জানালেও ওই ছাত্রীর ইচ্ছায় বিয়েতে রাজি হয় পরিবার। ওই ছাত্রীর মা বলেন, গত ২ আগস্ট রেজওয়ানুর তাঁর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাঁর মেয়ে গর্ভবতী হলে রেজওয়ানুর নানা অজুহাতে তাঁর মেয়ের ওপর নির্যাতন চালাতে থাকেন। রেজওয়ানুরের চাপে একপর্যায়ে তাঁর মেয়ে ভ্রূণ নষ্ট করতে বাধ্য হন। এরপর রেজওয়ানুর তাঁর মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান।ওই ছাত্রী বলেন, তিনি ৩ ডিসেম্বর রেজওয়ানুরদের বাসায় যান। সেখানে যাওয়ার পর তাঁর শ্বশুর তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। পরে রেজওয়ানুর ও তাঁরা বাবা তাঁকে মারধর করে বাসা থেকে বের করে দেন। তিনি বলেন, ওই ঘটনার পর ৫ ডিসেম্বর তিনি ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু এখনো তাঁর অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। এ সুযোগে তাঁর স্বামী ও শ্বশুর তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন। বাসা থেকে বের হলেই অজ্ঞাতপরিচয় লোকজন তাঁর পিছু নিচ্ছে। এ কারণে ভয়ে তাঁকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, থানার এসআই ওমর ফারুককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর মামলা নেওয়া হবে। উপপরিদর্শক গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘দিন দুয়েক আগে অভিযোগটি আমাকে দেওয়া হয়েছে। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ছাত্রী ফোন না ধরায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।’ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, এ রকম অভিযোগ পাওয়ার পর থানার ওসির প্রথম দায়িত্ব মামলা নথিভুক্ত করা।