রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৬০ হাজার ৬৮২টি। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৩৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক খাদেমুল ইসলাম মোল্যা এই তথ্য জানান। আগামী ৯ থেকে ১২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খাদেমুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটের মধ্যে এ-ইউনিটে ১৯ হাজার ৫১৯ জন, বি-ইউনিটে ১৬ হাজার ৪১১, সি-ইউনিটে ২৩ হাজার ৩২৬, ডি-ইউনিটে ২০ হাজার ৫১৭, ই-ইউনিটে ২৫ হাজার ৫৬৩, এফ-ইউনিটে ১৮ হাজার ২০৬, জি-ইউনিটে ১১ হাজার ৭৮৭, এইচ-ইউনিটে ২৩ হাজার ৬৬০ ও আই-ইউনিটে ২ হাজার ৯০ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন। ৪ হাজার ৭২২টি আসনের মধ্যে ৫৫৪টি মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া চলে। এই সময়ে অনলাইনের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী আবেদন করেন। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।