চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক সম্মান কোর্সে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে আটটি বিভাগের ৬৩০টি আসনের বিপরীতে ছয় হাজার ৯৮৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবার প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ১১ জন শিক্ষার্থী।ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষ, পরীক্ষাগার, গ্যালারি এবং চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষসহ সর্বমোট ৯৭টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতির পাশাপাশি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তির জন্য লিখিত পরীক্ষা সকাল ১০টায় এবং এর অতিরিক্ত ‘খ’ গ্রুপের (স্থাপত্য বিভাগের জন্য) মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা একই দিন বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। মেধা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ১৫ নভেম্বর। পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েটের ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করতে পারবেন।এদিকে চুয়েটের আবাসিক হলগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা। ফলে ভোগান্তির শিকার হতে হয়েছে তাঁদের অনেককে।ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী আনিসুর রহমান বলেন, ‘ছাত্রাবাসে থাকব বলে উত্তরবঙ্গ থেকে একদিন আগে এসেছি। কিন্তু এসে দেখি ছাত্রাবাস বন্ধ।’