প্রতি আসনের জন্য ৭ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর এলাকায় অবস্থিত ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য প্রতি একটি আসনে সাতজনের বেশি শিক্ষার্থীকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। এই বিদ্যালয়গুলোতে মোট ১০ হাজার ২৩৭টি আসনের বিপরীতে আবেদন ফরম জমা পড়েছে ৭৫ হাজার ৭০৬টি।
গত রোববার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন গ্রহণের শেষ সময় হলেও গতকাল সোমবার আবেদনের মোট তথ্য পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এবারও ৩৫টি বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির পরীক্ষা হবে।
অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এ’ গুচ্ছের বিদ্যালয়গুলোর ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে আবেদন ফরম জমা পড়েছে ২৫ হাজার ৪৬৪টি। ‘বি’ গুচ্ছের বিদ্যালয়গুলোর ৩ হাজার ১০৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৭৬টি এবং ‘সি’ গুচ্ছের বিদ্যালয়গুলোর ৩ হাজার ৩০৫টি আসনের জন্য আবেদন জমা পড়েছে ২৩ হাজার ২৬৬টি। এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি হবে ২৬ ডিসেম্বর। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির পরীক্ষা হবে যথাক্রমে ‘এ’ গুচ্ছের ১৭ ডিসেম্বর, ‘বি’ গুচ্ছের ১৮ ডিসেম্বর ও ‘সি’ গুচ্ছের ১৯ ডিসেম্বর।
অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া অন্যান্য জেলার সরকারি বিদ্যালয়গুলোর ৩৬ হাজার ৬১৪টি আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫০২টি।
ঢাকা মহানগরসহ দেশের বিভাগীয় ও জেলা সদরের (চট্টগ্রাম মহানগর ছাড়া) ১৭৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবার অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়।