ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৮ জন। এ বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের পাঁচ হাজার ৮৯৯টি আসনের জন্য আবেদন করেছেন এক লাখ ৬৩ হাজার ২৫১ জন প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গত ২৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু হয়। ১৪ অক্টোবর শেষ দিন আবেদনপত্র নেওয়া শেষে রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ভর্তিসংক্রান্ত কারিগরি কমিটির প্রধান অধ্যাপক হাসিবুর রশীদ এবারের ভর্তিপ্রার্থীদের ব্যাপারে বিস্তারিত জানান। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ভর্তিপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আবেদন করার সময় শেষ হলেও টাকা জমা দেওয়ার রসিদ (পে-ইন স্লিপ) গ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাংকে টাকা জমা ও প্রবেশপত্র ডাউনলোড করার সময় বাড়ানো হয়েছে। ঘ ইউনিটের এক হাজার ছয়টি আসন রয়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৫ জন শিক্ষার্থী। ‘চ’ ইউনিটে প্রতিটির বিপরীতে ৩৮ জন, ‘গ’ ইউনিটে ৩৬ জন, ‘ক’ ইউনিটে ২৭ জন এবং ‘খ’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, যেসব শিক্ষার্থী ১৪ অক্টোবরের মধ্যে আবেদনপত্র পূরণ করে টাকা জমা দেওয়ার রসিদ ডাউনলোড করেছেন, তাঁদের ১৮ অক্টোবরের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ২১ অক্টোবরের মধ্যে ডাউনলোড করতে হবে প্রবেশপত্র। এ ছাড়া প্রবেশপত্রে ভুল ছবি থাকলে ২০ অক্টোবরের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, টাকা জমা দেওয়ার রসিদ ও ভুল ছবিসংবলিত প্রবেশপত্রের ফটোকপিসহ প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষে আবেদন করতে হবে। এ ছাড়া এসব কপি স্ক্যান করে (admission.univdhaka.edu) ঠিকানায় ই-মেইল করা যাবে। একইভাবে কোটার তথ্য পূরণ করতে ভুল হলে টাকা জমা দেওয়ার রসিদের ফটোকপি, লেটার গ্রেডে সংশোধনের জন্য সংশোধিত মার্কসের ফটোকপিসহ আবেদন করতে হবে।২৯ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তিপরীক্ষা। বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদের অধীন ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর ও বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটের ভর্তিপরীক্ষা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।