প্রতি ঈদে বিয়ে, এবার শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের শামসুল আলমের ছেলে আমিনুল ইসলাম (৩০) তাঁর সহোদর বড় ভাইয়ের বউকে ভাগিয়ে নিয়ে প্রথম বিয়েটা করেন। সেটা আজ থেকে পাঁচ বছর আগের কথা। এরপর দু-তিন বছর ভালো গেলেও তার পর থেকে প্রতি ঈদে একটি করে নতুন বউ বাড়িতে আনতে শুরু করেন তিনি।এবার আর প্রথম বউ কোনো ছাড় দেননি। নতুন বউ দেখেই সোজা হাজির হয়েছেন থানায়। পুলিশও অভিযোগ পেয়ে গতকাল সোমবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে আমিনুলকে। বড় বউ ও এলাকাবাসী জানান, র‌্যাংগ্স ফার্মায় চাকরি নিয়ে ঢাকায় থাকতেন আমিনুল। এই সুযোগে বিভিন্ন নামে মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এর মধ্যে সাভারের এক গার্মেন্টস কর্মীকে ২০১১ সালে বিয়ে করে ঈদের আগের দিন বাড়িতে নিয়ে আসেন। বড় বউয়ের চাপে সেই বিয়ে বেশি দিন টেকেনি।এরপর গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের ফাঁদে ফেলে এক ষোড়শীকে বিয়ে করে ওই বছর ঈদুল ফিতরের আগের দিন বাড়িতে আনেন। বড় বউয়ের চাপে মাস খানেক পর তাকেও তালাক দিতে বাধ্য হন আমিনুল। কিন্তু এর মাত্র দেড় মাসের মাথায় এবার ঈদুল আজহায় একইভাবে ঢাকার টঙ্গী থেকে আরেক গার্মেন্টস কর্মীকে বিয়ে করে বাড়িতে এনে হাজির করেন বিয়েপাগল আমিনুল। এবার আর বড় বউ ঝগড়াঝাঁটি করেননি। সরাসরি সখীপুর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। অভিযোগ পেয়ে গতকাল সকালে পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে।সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা জানান, আমিনুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করে আসছিলেন। বড় বউয়ের অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানা হাজতে থাকা আমিনুল বলেন, ‘আমি বিয়ে করি। তাই বড় বউ আমার সঙ্গে খালি ঝগড়া করে।’এদিকে ক্ষুব্ধ বড় বউ থানায় বসে বলেন, ‘আমাদের চার বছরের একটা সন্তানও আছে। তার পরও সে খালি বিয়ে করে। তাই এবার মামলা করেছি।’