প্রতি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।ছবি ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।ছবি ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনটি মহিলাসহ ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউট চালু করা প্রক্রিয়াধীন রয়েছে। দেশে বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ করাই এর লক্ষ্য।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের
বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল ইনস্টিটিউট (আইডিইবি) এবং কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি)-এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার উন্নয়নে তাঁর সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, তাঁর সরকার শিক্ষানীতিতে বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, গত ছয় বছরে তাঁর সরকার সরকারি ও বেসরকারি পর্যায়ে তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ প্রায় ৪০০ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এসব ইনস্টিটিউট থেকে প্রকৌশলী বেরিয়ে আসবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম দেশে এক হাজার ৮০০ বেসরকারি বিদ্যালয়ে এসএসসি (ভকেশনাল) কোর্স চালু করেছে। তিনি বলেন, ৫১টি সরকারি পলিটেকনিকে দ্বিতীয় শিফট চালু করা হয়েছে। ৩৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিদেশগামী শ্রমিকদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য আরও ৩০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করার অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ঢাকা টেক্সটাইল কলেজটি বিশ্ববিদ্যালয় করেছে। পাশাপাশি ছয়টি টেক্সটাইল ইনস্টিটিউট আধুনিকায়ন করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি পুরাতন জেলায় একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।