
দেশের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার সারা দেশে মেয়েদের জন্য চারটিসহ আরও ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের জন্য প্রতি উপজেলায় একটি কারিগরি স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি উপজেলায় কারিগরি স্কুল স্থাপনের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য শতভাগ বৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণের পাশাপাশি সরকার সব বিদ্যালয় ও কলেজে ‘ভোকেশনাল ট্রেনিং কোর্স’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২১তম জাতীয় কনভেনশন ও ৩৯তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির প্রতিষ্ঠাতা এ কে এম এ হামিদ। সম্মেলনে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরকারি অর্থের অহেতুক অপচয় রোধ করে প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহণ এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করার জন্যও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা দেশের সত্যিকারের উন্নয়ন করতে চাই। এর পাই পাই পয়সা যেন মানুষের কাজে লাগে। অকাজে অহেতুক অর্থের ব্যবহার যেন না হয়।’
প্রধানমন্ত্রী গোপালগঞ্জে তাঁর গ্রামের বাড়ির একটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকৌশলীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সরকার অনেক কাজ করছে। উন্নয়ন বাজেট পাঁচ গুণ বাড়ানো হয়েছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরও প্রায় আড়াই বছর সময় অতিক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সময়ে আমরা গৃহীত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে চাই।’ তিনি প্রকল্প দ্রুত বাস্তবায়নে আন্তরিক হওয়ার জন্য প্রকৌশলীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, বেতন-বৈষম্য দূর করতে পলিটেকনিক শিক্ষকদের স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন করে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশের ওপরে।’
কনভেনশন ও কাউন্সিল অধিবেশন উপলক্ষে আইডিইবি মেডেল-২০১৬-এর জন্য মনোনীত প্রকৌশলীরা হলেন ওয়াহিদুননবী (মরণোত্তর), মোহাম্মদ আবদুল গোফরান ও মোহাম্মদ মামুনুর রশিদ।