প্রতি উপজেলায় খেলার মাঠ সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য সরকার ২৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ৪৮০টি উপজেলার অন্তত একটি করে মাঠ এ সংস্কারের আওতায় আসবে। মূলত ক্রিকেট ও ফুটবল মাঠের জন্য এ টাকা বরাদ্দ করা হবে।গতকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। সভায় আসন্ন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে ক্রীড়াক্ষেত্রে তরুণদের আগ্রহ বাড়াতে সারা দেশে খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় ২৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরবর্তী সময়ে তা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়ে এ বরাদ্দ দিয়েছেন।সভায় আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় চেয়ার আমদানির বিষয়ে আলোচনা হয়। চীনের পাঁচটি কোম্পানির কাছ থেকে এসব চেয়ার আমদানি করা হচ্ছে। এসব চেয়ারের মান খারাপ—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি গত মাসে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি সেপ্টেম্বর মাসে এ ব্যাপারে প্রতিবেদন দেবে। সভা শেষে কমিটির সভাপতি জাহিদ আহসান সাংবাদিকদের বলেন, কমিটির পক্ষ থেকে মাঠ সংস্কারের এ প্রকল্পে বরাদ্দকৃত টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কারণ দেশের সব উপজেলার জন্য বরাদ্দকৃত টাকা পর্যাপ্ত নয়। প্রতি উপজেলার জন্য এখানে মাত্র পাঁচ লাখ টাকা বরাদ্দ থাকে। সভায় বাস্কেটবল ফেডারেশনের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় আবাহনী মাঠের সমগ্র জায়গা আবাহনী ক্লাবের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি ওই মাঠের জায়গা আবাহনীর কাছে হস্তান্তরিত না হওয়া পর্যন্ত সেখানে বাস্কেটবল ফেডারেশনের কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে।