প্রতি ওয়ার্ডে বাড়িভাড়া নিয়ন্ত্রক চায় সিপিবি
ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন করে বাড়িভাড়া নিয়ন্ত্রক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর বাজারের সামনে সিপিবি আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে নেতারা বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করে প্রতিটি ওয়ার্ডে নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে। ওয়াসার পানি ব্যবহার করে অনেকে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অভিযোগ করে দুর্গন্ধযুক্ত পানি সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে ওয়াসার প্রতি আহ্বান জানান তাঁরা। এ ছাড়া যানজট নিরসনে গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে ঢাকার জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচলে আইন করারও দাবি জানান সিপিবির নেতারা।
বিক্ষোভ-সমাবেশের পর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান ও ওয়াসার পয়োনিষ্কাশন কর্মকর্তা গোলাম খসরুর কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
১৯৯১ সালে ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন’ প্রণয়ন করে সরকার। ওই আইনে বাড়িভাড়া নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপনিয়ন্ত্রক নিয়োগেরও বিধান আছে।