প্রতি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেওয়া হবে: সাঈদ খোকন

‘আপনার সচেতনতাই পরিবর্তনের শক্তি’ শীর্ষক স্লোগানে পরিচ্ছন্ন শহর গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে কয়েক মাসের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেওয়া হবে। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণ থেকে এ কার্যক্রম শুরু হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিএসসিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা শহরে ময়লা-আবর্জনা ফেলার পর্যাপ্ত ডাস্টবিন নেই। সে জন্য শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার ডাস্টবিন সরবরাহের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। কয়েক মাসের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেওয়া হবে। এক বছরের মধ্যে সব সড়কে বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি বাতির ব্যবস্থা করা হবে।
ডিএসসিসির মেয়র বলেন, ঐতিহ্যবাহী ঢাকা শহরে হাজারো সমস্যা নিয়ে বসবাস করছেন নগরবাসী। কিন্তু বর্জ্য অব্যবস্থাপনার কারণে অনেক জরিপে এই শহর বসবাসের অনুপযোগী বলা হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ই পারে নতুন প্রজন্মকে একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মডেল হিসেবে নিয়ে পরিচ্ছন্ন শহর গড়তে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে।
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ডিএসসিসি। কিন্তু ডিএসসিসির অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে শহরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন কাজে অবদান রাখতে হবে। সবার সহযোগিতা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়, ঘর-বাড়ি, দপ্তর, রাস্তাঘাটসহ সব স্থানে পরিচ্ছন্ন পরিবেশ দরকার। এ জন্য সবার মন-মানসিকতা ও চিন্তা-চেতনা সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। আজকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তা প্রতিদিন চালিয়ে যেতে হবে।
উপাচার্য আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান, ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতীকীভাবে ঝাড়ু হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেয়র সাঈদ খোকন ও উপাচার্য আরেফিন সিদ্দিক।