প্রতি কেজি চাল ৩৪ টাকা, ধান কেনা হবে ২৪ টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি কেজিপ্রতি ৩৪ টাকা দরে বোরো চাল ও ২৪ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ২৮ টাকা কেজি দরে গম সংগ্রহ করা হবে।
গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নোওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ব্রিফ্রিংয়ে বলা হয়, এবার প্রতি কেজি ধানে ২২ ও চালের হিসাবে ৩১ টাকা করে উৎপাদন খরচ হচ্ছে। আর গমের উৎপাদন খরচ কেজিতে প্রায় ২৮ টাকা।
গতবার বোরো মৌসুমে ২৩ টাকা কেজি দরে ধান ও ৩২ টাকা কেজি দরে চাল সংগ্রহ করেছিল সরকার।
খাদ্যমন্ত্রী বলেন, এবার মোট ৮ লাখ মেট্রিক টন চাল ও ৭ লাখ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। গম সংগ্রহ করা হবে ১ লাখ মেট্রিক টন। মোট চালের মধ্যে আতপ সংগ্রহ করা হবে ১ লাখ মেট্রিক টন। তবে আতপ চালের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা। আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে। গম সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৮ এপ্রিল থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত। কৃষকদের ‘অ্যাকাউন্ট পে চেকের’ মাধ্যমে এই মূল্য পরিশোধ করা হবে। এটা করা হচ্ছে যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকে।
বর্তমানে খুচরা বাজারে গুটি ও স্বর্ণা জাতের মোটা চাল ৩৯ থেকে ৪১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, এবার সারা দেশে ১ কোটি ৯১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়। এই লক্ষ্যমাত্রা পূরণ হবে।
সাংবাদিকেরা জানতে চান, বাঁধ ভেঙে সুনামগঞ্জ ও নেত্রকোনায় ফসলের যে ক্ষতি হয়েছে, এতে সেখানকার কৃষকদের জন্য কী করা হচ্ছে? জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা দেওয়া হচ্ছে। এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচি চলমান আছে। চালের হিসাবে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন ক্ষতি হবে নেত্রকোনা ও সুনামগঞ্জে। তবে সারা দেশে বাম্পার ফলন হচ্ছে, তাই এটি মূল উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলবে না।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।