প্রতি কেজি ছোলা ৭৫ টাকায় বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রতি কেজি ছোলা ৭৫ থেকে ৭৬ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় খাতুনগঞ্জের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমদানি মূল্য ও খরচ হিসাব করে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলার দাম কেজিপ্রতি ৭৫-৭৬ টাকায় বিক্রি করবেন বলে জানান। এ ছাড়া সাদা মটর ডাল ৪০ টাকা ৫০ পয়সা এবং গোটা মসুর ডাল মানভেদে ৮০ থেকে ৯১ টাকায় বিক্রি করার আশ্বাস দেন। তবে খাতুনগঞ্জের বাইরে অন্য কোথাও বেশি দামে ছোলা বিক্রির দায়দায়িত্ব তাঁরা নিতে পারবেন না বলে জানান।
রমজান মাসে পণ্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রতিটি বাজারে মূল্যতালিকা প্রদর্শন করতে হবে। ক্রয়-বিক্রয়ে রসিদ ব্যবহার করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি করা হবে।
সভায় বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, ব্যবসায়ী আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।