প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে চার টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটার কৃষক রিপন চন্দ্র দাস ৬০ শতাংশ জমিতে ঢ্যাঁড়স চাষ করেছেন। ফলনও হয়েছে মোটামুটি। কিন্তু হরতাল ও অবরোধের কারণে ঢ্যাঁড়স বিক্রি করছেন প্রতি মণ ২৫০ টাকা করে। এতে তাঁর চাষাবাদের খরচের টাকাও উঠবে না।শুধু রিপনই নন, সুবর্ণচরের কয়েক হাজার ঢ্যাঁড়সচাষি পাইকারের অভাবে খেতের ফসল পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কোনো কোনো কৃষক ১০০ টাকা মণ দরে ঢ্যাঁড়স বিক্রি করছেন। আবার অনেকে শ্রমিকের মজুরির টাকার ভয়ে ঢ্যাঁড়স গরুকে খাওয়াচ্ছেন।সরেজমিনে গতকাল রোববার উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের স্বপন মার্কেট, আমিন বাজার, খাসেরহাট ও চর আমান উল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার মোড়ে মোড়ে ঢ্যাঁড়স নিয়ে চাষিদের পাইকারের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।চর আমান উল্লার কৃষক মো. সেলিম বলেন, তিনি ৩৬ শতাংশ জমিতে ঢ্যাঁড়স চাষ করেছেন। প্রথম দফায় ১০-১২ দিন আগে প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি করেছেন ২৫ থেকে ৩০ টাকা করে। কিন্তু এখন এর কেজি মাত্র চার টাকা। অথচ প্রতি কেজি ঢ্যাঁড়স খেত থেকে সংগ্রহ করতে মজুরি দিতে হয় দুই টাকা।পূর্ব চরবাটার হাজীরহাট এলাকার পাইকারি ক্রেতা আকবর হোসেন বলেন, মৌসুমের শুরুতে তাঁরাও কৃষকদের ভালো দাম দিতে পেরেছেন। কিন্তু এখন হরতাল ও অবরোধের কারণে ঢ্যাঁড়স কিনে বড় আড়তগুলোয় সরবরাহ করতে পারেন না। কাঁচামাল কিনলে পচে যাওয়ার ভয় থাকে। তাই দাম কম।পাইকারি ক্রেতাদের কাছে ঢ্যাঁড়সের দাম কম হলেও খুচরা বাজারে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। গতকাল বিকেলে শহরের সোনাপুর বাজারের তরকারি ব্যবসায়ী জাকির হোসেনকে প্রতি কেজি ঢ্যাঁড়স ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। তিনি দাবি করেন, ওই ঢ্যাঁড়স তিনি আড়ত থেকে কিনেছেন ১৭ টাকা করে।উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, হরতাল ও অবরোধের কারণে পাইকার না আসায় খেতের ফসল নিয়ে ভীষণ বেকায়দায় পড়েছেন কৃষকেরা। তাই বাধ্য হয়ে পানির দরে ফসল বিক্রি করছেন বলে জানান তাঁরা।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শাহ আলম বলেন, সুবর্ণচরে ৭৫০ হেক্টর জমিতে ঢ্যাঁড়স চাষ করা হয়েছে। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে যদি এভাবে পানির দরে বিক্রি করতে হয়, তাহলে কৃষকেরা চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবেন।