প্রতি কেজি লবণ এক টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মাঠে উৎপাদিত লবণ বিক্রি হচ্ছে প্রতি মণ (৫০ কেজিতে এক মণ ধরা হয়) ৫০ থেকে ৮০ টাকায়। এ হিসাবে প্রতি কেজি লবণের দাম পড়ে এক থেকে দেড় টাকা। ব্যবসায়ীরা হঠাৎ করে দাম কমিয়ে দেওয়ায় জেলার প্রায় ৫৫ হাজার চাষি হতাশ। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার খুরুশকুল গ্রাম পরিদর্শন করে দেখা গেছে, হাজার হাজার মণ লবণ মাঠে পড়ে রয়েছে। স্থানীয় মামুনপাড়ার চাষি নবাব মিয়া (৫৫) ও কামাল হোসেন (৪৫) বলেন, ১০ মার্চ তাঁরা মাঠে উৎপাদিত প্রতি মণ সাদা লবণ ১১০ এবং কালো লবণ ৬০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু গত বৃহস্পতিবার থেকে কালো লবণ ৫০ এবং সাদা লবণ ৯০ টাকায় বিক্রি করতে হচ্ছে। যদিও প্রতি মণ লবণ উৎপাদনের বিপরীতে চাষিদের খরচ হচ্ছে প্রায় ১০০ টাকা। মহেশখালীর গোরকঘাটার চাষি মনছুর আলম (৫৬) বলেন, মাঠের লবণ পানির দরে কিনে প্রভাবশালী ব্যক্তিরা প্যাকেটে ভরে বাজারে বিক্রি করছেন প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকায়। এসব তদারকির কেউ নেই।কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়াসহ প্রায় ৬৩ হাজার একর জমিতে লবণের বাম্পার উৎপাদন হচ্ছে। কিন্তু হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা লবণ কেনা বন্ধ করে দিলে দাম কমে যায়। টেকনাফ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, গত জানুয়ারি মাসে প্রতি কেজি লবণ বিক্রি হয়েছে চার টাকায়। ফেব্রুয়ারি মাসে আড়াই টাকা। আর এখন এক থেকে দেড় টাকা। সরকার প্রতি কেজি লবণের বিক্রয়মূল্য চার টাকা নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা তা মানছেন না।