প্রতি ঘণ্টায় ১০ নবজাতক মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গত এক দশকে নবজাতকের মৃত্যু বছরে গড়ে ৪ শতাংশ হারে কমেছে। তবে এখনো প্রতি হাজার জীবিত জন্মে ৩২ জন নবজাতক মারা যাচ্ছে। প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ১০ জন নবজাতক। স্বাস্থ্য খাতে বেশ সাফল্য অর্জনের পরও উচ্চ হারে নবজাতকের মৃত্যু দেশটির জন্য দুঃখজনক ঘটনা হয়ে আছে। গতকাল শনিবার ‘নিউ বর্ন সারভাইভাল ইন বাংলাদেশ—এ ডিকেড অব চেঞ্জ অ্যান্ড ফিউচার ইমপ্লিকেশনস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ কথা বলেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি সংগঠন সেভ দ্য চিলড্রেন এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে বলা হয়, পাঁচ বছরের কম বয়সী যত শিশুর মৃত্যু হয়, তার ৫৭ শতাংশই হচ্ছে নবজাতক। এদের বয়স এক মাসের কম। নবজাতকের মৃত্যুর ৮৮ ভাগই হচ্ছে মারাত্মক সংক্রমণ, জন্মের সময় শ্বাস নিতে না পারা (বার্থ এসফেক্সিয়া) এবং নির্ধারিত সময়ের পূর্বে (অপরিণত) জন্মজনিত জটিলতার কারণে। তিনটি কারণই প্রতিরোধযোগ্য। এ জন্য সদিচ্ছা আর সচেতনতা প্রয়োজন। বৈঠকে নবজাতকের মৃত্যু কমাতে বাল্যবিবাহ প্রতিরোধ, মায়ের স্বাস্থ্য ভালো রাখা, দক্ষ জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ ও সার্বিকভাবে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক চিকিৎসা পদ্ধতির উন্নতি করার পাশাপাশি কমিউনিটিকে অন্তর্ভুক্ত এবং মেডিকেল পাঠ্যসূচিতে শিশু বিষয় সম্পৃক্ত করারও সুপারিশ বৈঠকে করা হয়।ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সেভ দি চিলড্রেনের এশিয়া অঞ্চলের উপদেষ্টা উজমা সাঈদ বলেন, প্রতিবছর বিশ্বে ৩১ লাখ শিশু জন্মের এক মাসের মধ্যে মারা যাচ্ছে। ২০১০ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে বছরে ৮৩ হাজার নবজাতক মারা যায়। দেশে দুই ঘণ্টায় ২০ জন নবজাতক মারা যাচ্ছে। একে সুনামির সঙ্গে তুলনা করেন তিনি।উজমা সাঈদ বলেন, গত ১০ বছরে দেশে গড়ে ৪ শতাংশ করে নবজাতক মৃত্যুহার কমেছে। এ ক্ষেত্রে বিনিয়োগ, নীতিমালা, কর্মকৌশল, সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া বিভিন্ন কর্মসূচি উল্লেখযোগ্য অবদান রেখেছে।আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ সহিদুল্লা বলেন, জন্মের পরই নবজাতককে কাপড়ে মোড়ানো, শরীর মুছে শুকিয়ে রাখা, মায়ের সংস্পর্শে রাখা, বুকের দুধ খাওয়ানো, নাভির যত্ন নেওয়া, তিন দিনের মধ্যে গোসল না দেওয়া, শ্বাস না নিলে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হলে নবজাতক মৃত্যুহার অনেক কমানো সম্ভব। এ জন্য অত্যাধুনিক প্রযুক্তি বা অনেক বেশি দক্ষতারও প্রয়োজন নেই।ডেইলি স্টার-এর ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সবিষয়ক সম্পাদক শাহেদুল আনাম খান বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে একজন মাও মারা যাবেন না—এ লক্ষ্য সামনে রেখে কাজ করলে নবজাতক বাঁচানো সম্ভব হবে। আলোচনায় অন্যান্যের মধ্যে শিশু বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা, এম এ কে আজাদ চৌধুরী, আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক গিয়াসউদ্দিন, আইসিডিডিআরবির পরিচালক শামস এল আরেফিন, ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ জিয়াউল মতিন, নিপোর্টের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী সুব্রত ভদ্র, সেভ দি চিলড্রেনের মামণি প্রকল্পের চিফ অব পার্টি ইশতিয়াক মান্নান অংশ নেন।