প্রতি জেলায় অটিস্টিক স্কুল চালুর সুপারিশ
দেশের প্রতিটি জেলা সদরে অটিস্টিক শিশুদের জন্য স্কুল চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে জেলা প্রশাসকদের স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিতে বলেছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
এ ছাড়া মন্ত্রণালয়কে দেশের প্রতিটি হাসপাতালে একটি করে প্রবীণকল্যাণ সেবাকেন্দ্র চালু করতে বলেছে কমিটি। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস প্রথম আলোকে বলেন, বর্তমানে বিভিন্ন জেলায় প্রতিবন্ধীদের জন্য পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। এদের নিবিড়ভাবে শিক্ষা দেওয়ার জন্য কমিটি স্কুল চালুর সুপারিশ করেছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে দুস্থ, এতিম, বয়স্ক, বিধবা ও বিপন্ন শিশুদের আর্থসামাজিক উন্নয়নে আগামী বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া মন্ত্রণালয়কে জেলা সমাজকল্যাণ পরিষদে পড়ে থাকা অলস টাকা দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করার সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জনশীল গোপাল, হাবিবে মিল্লাত, আয়েশা ফেরদাউস, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান, আবদুল মতিন, লুত্ফা তাহের প্রমুখ অংশ নেন।