সড়ক-মহাসড়কে অবৈধভাবে যাতে পশুর হাট না বসে, সে জন্য জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না। নিষিদ্ধ নছিমন-করিমনসহ অননুমোদিত যান চলাচল বন্ধ করতে হবে।
গতকাল বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন জেলা প্রশাসকদের এসব দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়। সম্মেলনে ১৮টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকেরা। রাতে তাঁরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
একটি অধিবেশনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতি জেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন করছে।
আরেকটি অধিবেশনে জেলা পরিষদ নির্বাচন আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। নিজের মন্ত্রণালয়-সংক্রান্ত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশাবাদ প্রকাশ করেন তিনি। সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনের কিছু পরিবর্তন ও পরিবর্ধন দরকার। সংসদের চলতি অধিবেশনে এটা করা যাচ্ছে না। প্রয়োজনে অধ্যাদেশ জারি করে নির্বাচন করা হবে।
গতকাল বিভিন্ন অধিবেশনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবেরা যোগ দেন। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে জেলা প্রশাসকদের।