প্রতি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার রোধে নতুন আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘মানব পাচার প্রতিরোধ আইন-২০১১’-এর খসড়া তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়া আইনটি নিয়ে গতকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই পরামর্শ সভার আয়োজন করে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, দেশের বিদ্যমান আইনে মানব পাচার প্রতিরোধ ও শাস্তির কিছু বিক্ষিপ্ত বিধান থাকলেও তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই নতুন আইন তৈরি করছে সরকার।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার বিশ্বব্যাপী একটি সামাজিক সমস্যা। নারী-শিশু পাচারের ঘটনা ক্রমাগত বাড়ছে। কিন্তু মানব পাচারের সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। খসড়া আইনে মানব পাচারের বিস্তৃত সংজ্ঞা থাকায় অপরাধীরা আর পার পাবে না।আইনের খসড়ায় বলা হয়েছে, মানব পাচার রোধ ও দোষীদের শাস্তির আওতায় আনতে প্রতিটি জেলায় বিশেষ মানব পাচার দমন ট্রাইব্যুনাল গঠন করবে সরকার। অভিযোগ গঠনের ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে বিচার করতে হবে। দোষী ব্যক্তিকে জরিমানাসহ কমপক্ষে ১০ বছর এবং সংঘবদ্ধ চক্রের ক্ষেত্রে কমপক্ষে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে খসড়ায়। আইনে মানব পাচারকে অজামিনযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। অপরাধী দোষী প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তাকে জরিমানার অতিরিক্ত হিসেবে পাচারের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেবেন। সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, আইন কমিশনের চেয়ারম্যান মো. শাহ আলম, আইওএমের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি রাবাব ফাতিমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ ও আইনের খসড়াপ্রণেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিদওয়ানুল হক বক্তৃতা করেন।