প্রতি জেলায় শিল্পাঞ্চল গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিল্পের বিকাশে প্রত্যেক জেলায় শিল্পাঞ্চলের জন্য স্থান নির্ধারণ ও এ লক্ষ্যে জরিপ চালাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
আজ রোববার মতিঝিলে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়টির কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই পরিকল্পনা। এটি স্থানীয় সুযোগ-সুবিধা ব্যবহার করে ব্যবসা করতে বিনিয়োগকারীদের উত্সাহিত করবে। তিনি বলেন, শিল্প প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতের ওপর গুরুত্ব দেওয়া হলেও এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে যে বিশেষ করে শিল্পনীতির যথাযথ বাস্তবায়ন ও অন্যান্য বিষয় মনিটরিংয়ে সরকারের বিরাট ভূমিকা রয়েছে।
পরিবেশবান্ধব শিল্প গড়তে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব সময় পরিবেশবাদীদের ‘হইচই’ শুনতে হবে, এমন কোনো কথা নয়। তিনি বলেন, যেখানে সেখানে শিল্প-কারখানা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। তবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মূল্যবান জমি ও পরিবেশ ধ্বংস না করে শিল্পের জন্য নির্ধারিত স্থান গড়ে তুলতে হবে।
বাংলাদেশ কৃষি, শিল্প ও জনশক্তির ভিত্তিতে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এসব সম্পদ পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে কেউ আমাদের আটকাতে পারবে না।’
দেশের সাতটি অঞ্চলে বিশেষ শিল্পাঞ্চল স্থাপনে বর্তমান সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া স্থানীয় ও বিদেশি বিনিয়োগের উপযোগী আরও স্থান খুঁজে দেখা হচ্ছে। তিনি বলেন, সরকার আর কোনো পাটকল বিক্রি করবে না বরং এসব স্থাপনাকে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘শিল্প প্লটে’ রূপান্তর করা হবে। তিনি সারের উত্পাদন শুরু করতে সাফকোতে গ্যাস সরবরাহের নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ মঈনউদ্দিন আবদুল্লাহ।