প্রতি জেলায় শিশু আদালত গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি জেলায় শিশু আদালত গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় ১৩ এপ্রিলের তারিখ দিয়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে সরকারি মুদ্রণালয় থেকে প্রজ্ঞাপনের কপি গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে পৌঁছেছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, শিশু আইন, ২০১৩-এর ১৬(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই আদালত গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতকে শিশু আদালত হিসেবে নির্ধারণ করা হয়েছে। কোনো জেলায় একাধিক অতিরিক্ত দায়রা জজ আদালত বিদ্যমান থাকলে ওই জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত, অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বিদ্যমান না থাকলে ওই জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এবং অতিরিক্ত দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালত বিদ্যমান না থাকলে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত শিশু আদালত হিসেবে নির্ধারিত হবে।
কোনো জেলায় অতিরিক্ত দায়রা জজ না থাকলে ওই জেলার জেলা ও দায়রা জজ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিশু আদালতের দায়িত্ব পালন করবেন।
মহানগর এলাকার জন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতকে শিশু আদালত হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সিলেট ও বরিশালে দ্রুত বিচার আদালত গঠন: এদিকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার সিলেট ও বরিশাল মহানগর এলাকার জন্য একটি করে দ্রুত বিচার আদালত গঠন করেছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে ১ এপ্রিলের তারিখ থাকলেও এটি সরকারি মুদ্রণালয় থেকে গতকাল মন্ত্রণালয়ে পৌঁছেছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, প্রজ্ঞাপনের তারিখ থেকেই এ দুটি সিদ্ধান্ত কার্যকর হবে।