দেশের প্রতি জেলায় শিশু আদালত স্থাপনের সুযোগ রেখে নতুন শিশু আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শিশু আইন, ২০১৩-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, শিশুর উন্নয়ন, অধিকার, কল্যাণ ও বিকাশে শিশু আইন, ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে শিশুর প্রতি ‘নিষ্ঠুরতা’ দেখানোর জন্য শাস্তি বাড়ানো হয়েছে। আগে শিশুর অধিকার খর্ব করা হলে বা শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হলে অপরাধীকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে শাস্তির মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রস্তাবিত এ আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৭৪ সালের আগের আইনে এটি স্পষ্ট ছিল না। তবে ২০১০ সালের জাতীয় শিশুনীতিতে ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ আইনে শিশুদের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড অর্থার্যা অসর্যা কাজে বাধ্য করানো, মাদক নেওয়া, ভিক্ষাবৃত্তি ও অস্ত্র বহন করানোর মতো অপরাধ সংঘটিত হলে অভিযুক্ত ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তিনি বলেন, নতুন আইন পাস হলে শিশু কল্যাণ বোর্ড গঠনের সুযোগ হবে। এর ফলে প্রতিটি থানায় শিশু-কিশোর ডেস্ক এবং প্রতি জেলায় শিশু আদালত তৈরি করা যাবে। এ ছাড়া অনুষ্ঠান নির্মাণে দক্ষ ও মেধাবী নির্মাতাদের প্রশিক্ষণ দিতে চলচ্চিত্র ও টেলিভিশনের উন্নয়নের লক্ষ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইন এখন সংসদে উপস্থাপন করা হবে বলে জানান মোশাররাফ হোসাইন ভূইঞা। তিনি বলেন, এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি গভর্নিং বডিসহ একাডেমিক কাউন্সিল থাকবে।