প্রতি টনে মাশুল ১৩০ টাকা করার প্রস্তাব ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ প্রটোকলের আওতায় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনে প্রতি মেট্রিক টনের ট্রানজিট মাশুল হিসেবে ১৩০ টাকা প্রস্তাব করা হয়েছে। এর বাইরে যদি নিরাপত্তা প্রহরা বা এসকর্ট চায়, তাহলে আরও ৫০ টাকা দিতে হবে। বাংলাদেশের দেওয়া এ প্রস্তাব নিয়ে আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিন দিনের নৌসচিব পর্যায়ে বৈঠক শুরু হচ্ছে।
প্রস্তাবিত এ মাশুলের হার যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০১২ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ মাশুল প্রতি টনে ৫৮০ টাকা করার প্রস্তাব দিয়েছিল।
আজ সোমবার থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দিল্লির বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট ও ট্রানশিপমেন্টের মাশুল নিয়ে চুক্তিটি স্বাক্ষর হবে। বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে নৌপথ খনন বিষয়ে আলোচনা, ভারতের নৌযানগুলোর চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, দুই দেশের নৌপথ দিয়ে যাত্রী ও পর্যটকবাহী জাহাজ চলাচল নিয়েও ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে গতকাল রোববার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র পরিবহন-সংক্রান্ত কার্যপ্রণালি পদ্ধতি (এসওপি) সই হয়েছে। ভারতের সড়ক, মহাসড়ক ও নৌপরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ি এবং বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম সেখানে উপস্থিত ছিলেন। এর ফলে ভারতের পূর্ব উপকূলীয় বন্দরগুলো থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও মঙ্গলা বন্দরে সরাসরি পণ্য আদান-প্রদান করা যাবে। আগে সমুদ্রপথে বাংলাদেশের সঙ্গে ভারতের পণ্য আমদানি-রপ্তানি হতো কলম্বো ও সিঙ্গাপুর মারফত।
আজকের বৈঠক সম্পর্কে দিল্লিতে অবস্থানরত নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব।’
নৌসচিব বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে নৌ চলাচলের মাশুল হিসেবে ভারতকে প্রতি টন পণ্যের জন্য ১৩০ টাকা দেওয়ার প্রস্তাবে দুই দেশের স্বার্থই রক্ষা পাবে। নৌপথ খননের ব্যাপারে তিনি বাংলাদেশে অবস্থানরত ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। তিন দেশের মধ্যে নৌপথ খননে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার ব্যাপারে অভিন্ন প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, নৌ ট্রানজিট ফির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড চার্জ হিসেবে ১২০ টাকা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তদারকি পর্যবেক্ষণ চার্জ ১০ টাকা পাবে। তবে পণ্য পরিবহনে নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হলে প্রতি টনে অতিরিক্ত ৫০ টাকা চার্জ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে সংস্থা ওই নিরাপত্তা দেবে, তারা প্রতি টন বাবদ ওই ৫০ টাকা পাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ট্রানজিট বা ট্রানশিপমেন্ট পদ্ধতিতে পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে মার্চেন্ট ওভার টাইম (এমওটি) নেওয়া হবে। অর্থাৎ পণ্য পরিবহনের জন্য অতিরিক্ত সময় ও শ্রমিক ব্যবহার করলে তাদের নির্ধারিত চুক্তির চেয়েও অতিরিক্ত অর্থ দিতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে বলেন, ‘আমরা নৌ ট্রানজিট নিয়ে যে গবেষণা করেছি, তাতে প্রতি টনের জন্য ১৩০ টাকা ধার্য করা বাংলাদেশের জন্য লাভজনক হয় না। মাশুল আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। এ ছাড়া ওই নৌপথের জন্য ভারত কত টাকা বিনিয়োগ করবে, সেই বিষয়টিও চুক্তিতে না থাকলে এই চুক্তি থেকে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে না।’
ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার ক্ষেত্রে ফি কত হবে, তা নির্ধারণে ২০১১ সালে গঠন করা হয় কোর কমিটি। ২০১২ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোর কমিটির কাছে প্রতি টনে ৫৮০ টাকা ফি আদায়ের প্রস্তাব দেয়। এর মধ্যে স্ক্যানিংয়ের জন্য ৩০০ টাকা, ট্রানশিপমেন্ট বাবদ ২০ টাকা এবং নথি প্রক্রিয়াকরণ বাবদ ১০ টাকাসহ আটটি খাতে এ টাকা ধরা হয়। এ ছাড়া পণ্যের বিপরীতে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা বলা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মাহফুজ কবির বলেন, বিচ্ছিন্নভাবে নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশ বাস্তব অর্থে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা, ভারত শুধু নৌপথ ব্যবহার করে ট্রানজিট নিলে ও অবকাঠামো খাতে বিনিয়োগ না করলে ওই ১৩০ টাকা অনেক কম হয়ে যায়।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ১৬ থেকে ১৮ নভেম্বর নৌসচিব পর্যায়ের বৈঠকে ট্রানজিট ফি চূড়ান্ত করার পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়া এবং নৌ প্রটোকলে নৌপথের নাব্যতা রক্ষায় বিশ্বব্যাংকের ঋণ।