প্রতি তিন দিনে একজন বিচারবহির্ভূত হত্যার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ৯০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ গড়ে প্রতি তিন দিনে একজন করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। বেসরকারি সংস্থা ‘অধিকার’-এর এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিচারবহির্ভূত হত্যার শিকার লোকজনের মধ্যে ৪০ জন র‌্যাব, ৩৩ জন পুলিশ, ১১ জন র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান এবং পাঁচজন র‌্যাব-পুলিশ-কোস্টগার্ডের যৌথ অভিযানে নিহত হয়েছেন। এ ছাড়া একজন বিডিআরের হাতে প্রাণ হারান। ৯০ জনের মধ্যে ৭১ জন ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এতে বলা হয়, এ বছর ৮৭ জন ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা যান। নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন। নয়জনের ব্যাপারে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নেওয়ার পর তাঁরা নিখোঁজ হন। গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারি নিষেধাজ্ঞা: সংবাদপত্র ও সাংবাদিকদের ব্যাপারে সংসদের ভেতরে ও বাইরে ক্ষমতাসীন দলের সাংসদ ও উপদেষ্টার বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অধিকার। সংস্থাটি আশঙ্কা করছে, এতে করে সংবাদপত্র ও সাংবাদিকদের কাজের ক্ষেত্রে আরও কঠোর পরিস্থিতির সৃষ্টি হবে, যার ফলে গণতান্ত্রিক সংস্কৃতি বাধাগ্রস্ত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে সাংবাদিকেরা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সময়ে তিনজন সাংবাদিক নিহত, ৬৬ জন আহত, ৪২ জন হুমকির সম্মুখীন ও ৩৩ জন লাঞ্ছিত হয়েছেন। ১৭ জন সাংবাদিকের ওপর হামলা, দুজন গ্রেপ্তার, ১২ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিবেদনে সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধ, সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ এবং হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার দাবি জানানো হয়েছে। অধিকার-এর তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৬৫ জন নিহত ও ১১ হাজার ৩০২ জন আহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ৪৭৬টি এবং বিএনপির ৭৫টি ঘটনা রেকর্ড করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ৩১ জন নিহত ও চার হাজার ৫৮২ জন আহত হয়েছেন। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে সাতজন নিহত ও ৯৩৮ জন আহত হয়েছেন।