প্রতি তিন দিনে একটি করে বচারবহির্ভূত হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত বছর গড়ে প্রতি তিন দিনে একটি করে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। একই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হয়েছেন ১৬।মানবাধিকার সংগঠন অধিকারের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা ও গুম করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, বিচারবহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা জেলহাজতে মৃত্যু, গুম এবং সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার পুরো দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। তিনি ক্রসফায়ারকে ‘একতরফা ফায়ার’ আখ্যায়িত করে বলেন, চরম নিপীড়নমূলক এই রাষ্ট্রে হত্যা করে মিথ্যাচার করা হয়। সমাজবিরোধী হলেও বিনা বিচারে মানুষ মারার অধিকার সরকারের নেই।আওয়ামী লীগের নেতা ও সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, মানবাধিকার বিষয়টি এখন রাজনৈতিক হয়ে গেছে। কোনো সরকারই মানবাধিকার রক্ষায় উদ্যোগ নিতে চায় না। তিনি প্রতিটি বিচারবহির্ভূত হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার আহ্বান জানান।অধিকারের উপদেষ্টা ও কলাম লেখক ফরহাদ মজহার বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সময় মানুষের জামিনের অধিকার ছিল। পর্যায়ক্রমে তা বন্ধ হয়ে যায়। যোগ হয় রিমান্ডে নেওয়ার রীতি। এ ক্ষেত্রে নীরব থাকেন আদালত। আলোচনায় আরও বক্তৃতা করেন অধিকারের সভাপতি সি আর আবরার, সাংসদ আশিফা আশরাফি, আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান ২০১০ সালের মানবাধিকার প্রতিবেদন তুলে ধরেন। তাতে বলা হয়, গত বছর দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হন ১২৭ জন। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা গেছেন আরও ১১০ জন। গণপিটুনিতে মারা গেছেন ১৭৪ জন।প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে রাজনৈতিক সহিসংতায় ২২০ জন নিহত হন। ৫৫৬ জন নারী ও শিশুকে ধর্ষণের এবং ১৩৭ জন নারী এসিড-সহিংসতার শিকার হন।অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত বছর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ৭৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জনকে গুলি ও ২৪ জনকে নির্যাতন করে হত্যা করা হয়।