
ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল রোববার পালিত হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন সংগঠন রাজধানীর বনানী কবরস্থানে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, কবিকে স্মরণ করেছে।
২০০৬ সালের ১৭ আগস্ট কবি শামসুর রাহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
কবির মৃত্যুবার্ষিকীতে গতকাল সকাল থেকে বিভিন্ন সংগঠন এবং অনুরাগীরা বনানী কবরস্থানে গিয়ে তাঁর কবরে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কবির পরিবারের পক্ষ থেকে তাঁর কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কবির আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের গুলশান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারানা হালিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এ টি এম শামসুজ্জামান, ইনামুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তাদের কথায় উঠে আসে কবির সাহসী ভূমিকা ও প্রতিবাদী চরিত্রের কথা। তাঁরা বলেন, কবি শামসুর রাহমান ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।