প্রতি বস্তা আলুর দাম মাত্র ৫০ টাকা?
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুরোনো আলুর দামে নজিরবিহীন ধস নেমেছে। ৮৪ কেজি ওজনের প্রতি বস্তা গ্রানুলা জাতের আলু মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে এ দামেও তেমন ক্রেতা মিলছে না। আর যাঁরা কিনছেন, তাঁরা আলু নয়, আলুর বস্তার জন্য কিনছেন বলে জানা গেছে।
হিমাগার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, বাজারে এখন নতুন আলুতে ভরপুর। কিন্তু হিমাগারগুলোতে এখনো অনেক পুরাতন আলু রয়ে গেছে।
এ কারণে হিমাগারে রাখা আলুর প্রতি মানুষের কোনোই চাহিদা নেই। এ অবস্থায় দাম পড়ে যাওয়ায় হিমাগার মালিকের কাছ থেকে নেওয়া ঋণ ও ভাড়া পরিশোধের ভয়ে অনেক ব্যবসায়ী হিমাগার থেকে আলুর বস্তা বের করেননি। হিমাগার কর্তৃপক্ষ বারবার তাগাদা দিলেও ব্যবসায়ীরা আলু তোলেননি।
এ অবস্থায় হিমাগার খালি করতে পানির চেয়েও কম দরে এসব আলু বিক্রি করে দিচ্ছেন মালিকেরা।
শিবগঞ্জ হিমাগারের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘গত মঙ্গলবার প্রতি বস্তা গ্রানুলা জাতের আলু ৫০ টাকা ও পাকড়ি জাতের আলু ১০০ টাকা দরে বিক্রি করেছি।’
উপজেলা নাটমরিচাই গ্রামের তোজামেঞ্চল হোসেন বলেন, ‘আমি মূলত বস্তা পাওয়ার জন্য ৫০ টাকা দিয়ে এক বস্তা আলু কিনেছি। বস্তার বাইরে যে আলু থাকবে তা গরুকে খাওয়াব।’