প্রতি মণ মুলা ২৫ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় যেন বাজ পড়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের। হাড়ভাঙা খাটুনির ফসল মুলা এখন বিক্রি হচ্ছে বলতে গেলে পানির দরে—প্রতি মণ ২৫ টাকায়। ফলে এক মণ মুলা বিক্রি করে তাঁরা এক কেজি চালও কিনে ঘরে ফিরতে পারছেন না।কৃষকেরা জানান, এক মাস আগে প্রতি মণ মুলার দাম ছিল এক হাজার ২০০ টাকা। এখন সে মুলা ২৫ টাকা মণ দরেও বিক্রি করা যাচ্ছে না। প্রথম দিকে মুলার ভালো দাম পাওয়ায় কৃষকেরা মুলার চাষে ঝোঁকেন। ধারদেনা করে হলেও মুলার চাষ করেন তাঁরা। কিন্তু এখন মুলা বিক্রির সময়টাতে উৎপাদন খরচ ওঠা দূরে থাক, জমি থেকে বাজার পর্যন্ত পরিবহনের খরচই তাঁরা তুলতে পারছেন না। মাসজুড়ে সবটুকু শ্রম দিয়ে যে মুলা তাঁরা ফলিয়েছেন, সে মুলাই তাঁদের ফেলে দিয়েছে মহাবিপাকে।উপজেলার ছাতুয়া গ্রামের কৃষক আশরাফ আলী (৪৫) এবার এক বিঘা জমিতে মুলার চাষ করেছেন। আট হাজার টাকা খরচ করে ওই জমিতে মুলা ফলিয়েছেন প্রায় ১২০ মণ। প্রতি মণের উৎপাদন খরচ পড়েছে ৬৬ টাকা। কিন্তু গত কয়েক দিনে পানির দরে মুলা বিক্রি করে আশরাফ আলীর এখন সর্বস্ব হারানোর দশা। উত্তরাঞ্চলের অন্যতম সবজি বাজার হিসেবে পরিচিত মহাস্থান বাজারে এসে গত শুক্রবার প্রতি মণ মুলার ২৫ টাকা দাম শুনে রাগে-দুঃখে সব মুলা পাশের নর্দমায় ঢেলে দিয়ে খালি হাতে বাড়ি ফিরে গেছেন তিনি।মহাস্থান বাজারে গিয়ে কথা হলো বেশ কয়েকজন মুলাচাষির সঙ্গে। উপজেলার বাগমারা গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪০) চার মণ মুলা ঢেলে দিয়েছেন ময়লার ড্রেনে। বললেন, ‘সকাল থ্যাকা বস্যা আচি। কেউ দাম কয় না। যে ট্যাকা ভ্যান ভাড়া দিয়া মুলা হাটোত আননো, মুলা বেইচা ভাড়ার ট্যাকাও হয় না। সর্বনাশ হয়ে গ্যাচে হামার।’পাশেই দেখা গেল স্থানীয় এক লোক শিশুপুত্রকে নিয়ে অন্যের ফেলে দেওয়া মুলা কুড়াচ্ছেন। জানালেন, এসব মুলা তিনি নিয়ে যাচ্ছেন গরুকে খাওয়ানোর জন্য। পাইকারি ব্যবসায়ী লিয়াকত আলী (৪৫) বলেন, এবার মুলার বেশি ফলন হওয়ায় দাম কমে গেছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে সামনে দাম আরও পড়বে।চকভোলাখাঁ গ্রামের কৃষক মোজাহার আলী (৫০) জানান, মুলা বাজারে নিয়ে গিয়ে তিনি বিপাকে পড়েন। কেউ মুলার দামই করতে চায় না। তাই পথের পাশে মুলা ফেলে দিয়ে এসেছেন। পরে বাড়ি এসে পরিবহন খরচ পরিশোধ করেছেন। গ্রামবাসীকে বলেছেন, ক্ষেতের বাকি মুলা যার যত ইচ্ছে যেন তুলে নিয়ে যায়।