প্রতি মাসে খুলনা ওয়াসার লোকসান ৬৫ লাখ টাকা
বর্তমানে খুলনা ওয়াসার গ্রাহকসংখ্যা ১৭ হাজার। এই গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে ওয়াসার আয় হয় ১৭ লাখ টাকা। কিন্তু বিদ্যুৎ বিল, বেতন-ভাতা দিয়ে ব্যয় প্রায় ৮২ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে ওয়াসার ৬৫ লাখ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ।
তবে ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন, নগরে পানি সরবরাহ প্রকল্পের কাজ চলছে। ২০১৮ সালে ওই প্রকল্প শেষ হবে। তখন গ্রাহকসংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। আর এতে লোকসান অনেক কমে আসবে। প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন গ্রাহক বাড়ানো যাচ্ছে না। তাই আয়ও বাড়ছে না। আয় বাড়ানোর জন্য পানির মূল্যবৃদ্ধির কথা জানান তিনি।
গতকাল শনিবার নগরের একটি হোটেলে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে এই গণশুনানির আয়োজন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি শামীমা সুলতানা। সঞ্চালনা করেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।
পানির যৌক্তিক মূল্য নির্ধারণে বিদ্যুৎ ও গ্যাসের মতো ‘ওয়াটার রেগুলেটরি কমিশন’ গঠনের প্রস্তাব দেন খুলনার নাগরিক নেতারা। এ ছাড়া সড়ক খুঁড়ে পাইপ বসানোর কাজ দ্রুত শেষ করারও অনুরোধ করেন তাঁরা।
গণশুনানিতে নাগরিক নেতারা প্রতিষ্ঠার আট বছর পরও ওয়াসার আর্থিক দৈন্যদশা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান ওয়াসার আয় বাড়াতে পানির মূল্য না বাড়িয়ে বাসাবাড়িতে ব্যবহৃত ব্যক্তিগত নলকূপের ওপর কর আরোপের প্রস্তাব দেন। পাশাপাশি বহুতল ভবনে ব্যবহৃত উৎপাদক নলকূপের ওপরও বেশি করে কর ধার্যের প্রস্তাব দেন তিনি। কয়েকজন নাগরিক নেতাও এর পক্ষে সমর্থন জানান। ব্যবস্থাপনা পরিচালক জানান, ওয়াসা এখন চাহিদার অর্ধেকের কম পানি সরবরাহ করতে পারে। এ জন্য গ্রাহকেরা নিজস্ব উদ্যোগে গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলন করছেন। সবার ঘরে ঘরে পানি পৌঁছে না দিয়ে নলকূপের ওপর কর ধার্য করলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। প্রকল্পের কাজ শেষ হলে এ নিয়ে চিন্তা করা যাবে।
শুনানিতে অংশ নেওয়া টিআইবির পরিচালক রেজাউল আলম বলেন, জ্বালানি খাতের বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের জন্য পৃথক কমিশন আছে। তারা সরকার ও গ্রাহকদের সঙ্গে কথা বলে যৌক্তিক মূল্য নির্ধারণ করে। কিন্তু পানির মূল্য নির্ধারণের জন্য কোনো কমিশন নেই। পানির যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য ওয়াটার রেগুলেটরি কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি।