প্রতি মাসে যোগ হচ্ছে দেড় হাজার ব্যক্তিগত গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট কমাতে গত এক দশকে উড়ালসড়ক নির্মাণসহ অবকাঠামো খাতে ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। কিন্তু যানজট কমছে না। উল্টো বছর বছর কমছে যানবাহনের গতি। বিশেষজ্ঞরা বলছেন, বছর বছর ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি ও গণপরিবহনে অব্যবস্থাপনাই এর মূল কারণ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, ঢাকায় নিবন্ধিত যন্ত্রচালিত বাহনের সংখ্যা ১১ লাখ ৩২ হাজার ২৫৪টি। এর মধ্যে মোটরসাইকেল রয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৪৪০টি। এরপরেই রয়েছে ব্যক্তিগত গাড়ি, সংখ্যায় যা ২ লাখ ৪৮ হাজার ৮৭০। আর নিবন্ধিত বাসের সংখ্যা মাত্র ২৮ হাজার ৮৯১। চলতি বছরের প্রথম পাঁচ মাসের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে এক হাজার ৫২৪টি ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে।

এভাবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধিকে নিরুৎসাহিত করতে আইন করা, এক নামে একাধিক গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে কর বৃদ্ধিসহ নানা উদ্যোগের কথা বলা হয়েছে বিভিন্ন সময়। কিন্তু এর কিছুই বাস্তবায়িত হয়নি। স্কুল থেকে শিক্ষার্থী আনা-নেওয়ার কাজে ২০১০ সালে ১৪টি রুটে বিআরটিসির বাস সার্ভিসও চালু করা হয়েছিল। কিন্তু সেটিও বছর ঘুরতেই মুখ থুবড়ে পড়েছে।

ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা শহরে রাস্তা আছে ২ হাজার ২০০ কিলোমিটার, যার মধ্যে ২১০ কিলোমিটার প্রধান সড়ক। কিন্তু প্রয়োজন অন্তত ৬ হাজার কিলোমিটার সড়ক।

বিশেষজ্ঞদের মতে, অপ্রতুল এই সড়কের ৭৬ শতাংশই দখল করে রাখে ব্যক্তিগত গাড়ি। আর গণপরিবহনের দখলে থাকে মাত্র ৬ থেকে ৮ শতাংশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, রাজধানীতে গাড়ির গতি দিন দিন কমছে। এখন ঢাকায় যানবাহন চলে গড়ে ৫ কিলোমিটার বেগে।

মিরপুর থেকে গুলিস্তান রুটে চলা একটি বাসের চালক রফিকুল ইসলাম বলেন, তিন-চার বছর আগেও তিনি দৈনিক ৫ থেকে ৬টি করে ট্রিপ দিতে পারতেন। কিন্তু এখন যানজটের কারণে দিনে তিনটার বেশি সম্ভব হয় না।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, শুধু রাস্তা বাড়িয়ে যানজট নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ঢাকায় নয় দেশের কোথাও পার্কিং নিয়ে কোনো নীতিমালা নেই। ঢাকার দুই সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ মিলে নগরীর অন্তত ৫০টি স্থানে রাস্তায় পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিল। কিন্তু অধিকাংশ স্থানেই এটি বাস্তবায়িত হয়নি।

তবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক কর্মকর্তা বলেছেন, একটি প্রকল্পের আওতায় পার্কিং নীতিমালা তৈরির কাজ করছে ডিটিসিএ। নীতিমালাটি হলে পুরো ঢাকা শহরেই পার্কিং ব্যবস্থার উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে চাইলে গণপরিবহনব্যবস্থার উন্নতি করতে হবে। তাঁর মতে, এটি ছাড়া পৃথিবীর কোনো দেশেই ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।