প্রতি মাসে লোকসান ৪৮ লাখ টাকা!
শুরু থেকেই লোকসান গুনে আসছে পটুয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। পিডিবির কাছ থেকে কম দামে বিদ্যুৎ কিনে প্রায় দ্বিগুণ দামে গ্রাহকের কাছে বিক্রি করলেও সিস্টেম লস, সুদ পরিশোধ, রক্ষণাবেক্ষণ ব্যয়, বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন খরচের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না সমিতি। ফলে গত পাঁচ বছরে সমিতির প্রতি মাসে গড়ে ৪৮ লাখ টাকা লোকসান হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯২ সালের ১০ সেপ্টেম্বর পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের কার্যক্রম শুরু হয়। বর্তমানে সমিতি পটুয়াখালী ও বরগুনার ১০টি উপজেলার ৮১টি ইউনিয়নের এক হাজার ৬১টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করছে। গ্রাহকসংখ্যা ৮৪ হাজার ৬০৫। দাতা দেশ ও সংস্থার অর্থায়নে পরিচালিত এই কর্মসূচিতে সমিতির মোট বিনিয়োগের পরিমাণ ৯৫ কোটি টাকা। সমিতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহকদের মধ্যে বিতরণ করে। বর্তমানে সমিতি দৈনিক ১৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১২ মেগাওয়াট বিদ্যুতের সংস্থান করতে পারছে। বিল আদায়ের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। শুরু থেকে সমিতির সিস্টেম লস ছিল। তবে বর্তমানে কিছুটা কমেছে। ২০০৯-১০ অর্থবছরের সিস্টেম লস ছিল ১৭ দশমিক ২১ শতাংশ।পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ২০০৫-০৬ অর্থবছরে সমিতির রাজস্ব আয় ছিল ১৫ কোটি পাঁচ লাখ টাকা। লোকসান হয়েছে চার কোটি ছয় লাখ টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আয় ছিল ১৪ কোটি ৬৫ লাখ টাকা। লোকসান হয়েছে পাঁচ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার টাকা। ২০০৭-০৮ অর্থবছরে আয় ছিল ১৭ কোটি ১৭ লাখ টাকা। লোকসান হয়েছে পাঁচ কোটি ৫১ লাখ ৯১ হাজার টাকা। ২০০৮-০৯ অর্থবছরে আয় ছিল ২০ কোটি ৪৪ লাখ টাকা। লোকসান হয়েছে ছয় কোটি ৪৩ লাখ টাকা। ২০০৯-১০ অর্থবছরে আয় ২৪ কোটি ৯৫ লাখ টাকা। লোকসান হয়েছে সাত কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকা। প্রতিবছরই সমিতির লোকসানের পরিমাণ বাড়ছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি অফিস সূত্র জানা যায়, দাতা দেশ ও সংস্থার ৯৫ কোটি টাকার ঋণের বিপরীতে সুদ দিতে হয় প্রতিবছর তিন কোটি টাকা। সমিতির সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে। জাতীয় গ্রিড থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ দুই টাকা ৫৪ পয়সায় কিনে গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত প্রতি ইউনিটের দাম পড়ে পাঁচ টাকা ২৭ পয়সা। কিন্তু তারা প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে চার টাকা ১৩ পয়সায়। ফলে লোকসান বাড়ছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ দাস বলেন, ‘শুরু থেকেই পটুয়াখালীতে সমিতি লোকসান গুনছে। বিদ্যুতের ক্রয়-মূল্য অনুযায়ী খুচরা বিক্রয়-মূল্য নির্ধারণ ও সরকার কর্তৃক ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হলে সমিতি এই লোকসান থেকে বেড়িয়ে আসতে পারবে।’