প্রতি মাসে ৪০০ নারী ও শিশু পাচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মাসে আনুমানিক ৪০০ নারী ও শিশু দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে পাচার হচ্ছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার পুলিশ সংস্কার কর্মসূচির কর্মকৌশল নির্ধারণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ পুলিশের টেকসই সংস্কার: আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে স্থানীয় কর্মকৌশল’ শিরোনামে তিন দিনের এ সম্মেলন গতকাল শুরু হয়েছে। পুলিশ সংস্কার কর্মসূচির কর্মকর্তারা জানান, পুলিশের প্রাতিষ্ঠানিক সংস্কার, কমিউনিটি পুলিশিং, গুরুতর অপরাধ দমন ও মানব পাচারসহ উদ্ভূত অপরাধ নিয়ে সম্মেলনে আলোচনা হবে। সম্মেলন থেকে পুলিশের টেকসই সংস্কারের জন্য সুপারিশমালা তৈরি করা হবে।সম্মেলনে বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন দেশের সাতজন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, অপরাধ এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে। এ কারণে একক কোনো দেশের পক্ষে অপরাধ দমন কঠিন হয়ে পড়ছে। অপরাধ দমনে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সীমিত সম্পদের মধ্যে অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ যা করছে, সেটা অনেক দেশের জন্য অনুকরণীয় হতে পারে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশের আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশে সংস্কার অত্যাবশ্যক। এ কর্মসূচি পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক ব্যবস্থা থেকে গণমুখী ব্যবস্থায় পরিণত করবে। এতে পুলিশ হবে জনবান্ধব। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভারপ্রাপ্ত এদেশীয় পরিচালক এস কে মূর্তি বলেন, একটি গবেষণায় দেখা গেছে, গত ১০ বছরে তিন লাখ নারী ও শিশু ভারতে পাচার হয়েছে। তাদের গড় বয়স ১২ থেকে ৩০ বছরের মধ্যে। পাকিস্তানভিত্তিক আরেকটি গবেষণা উল্লেখ করে তিনি বলেন, দুই লাখ নারী ও শিশু পাকিস্তানে বিক্রি হয়েছে।এস কে মূর্তি বলেন, বাংলাদেশ পুলিশ ১৮৬১ সালের আইন দিয়ে চলছে। এটা কীভাবে যুগোপযোগী করা যায়, তা আলোচনা করে ঠিক করতে হবে। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক মোখলেসুর রহমান। সবাইকে ধন্যবাদ জানান প্রকল্পের ব্যবস্থাপক হ্যাংক ভেন জিল।পুলিশ প্রশাসনকে যুগোপযোগী করতে ইউএনডিপি ও ডিএফআইডির অর্থায়নে ২০০৫ সাল থেকে পুলিশ সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম তিন বছরে এতে ব্যয় হয় ১১৫ কোটি টাকা।