প্রতি রাতেই কাটা যাচ্ছে কলাগাছ!
বগুড়া-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গণেশপুর পুলিশ বক্সের সামনের মাঠে খেত থেকে কলাগাছ কেটে ফেলা হচ্ছে। গত এক সপ্তাহে ১৬৩টি কলাগাছ কাটা হয়েছে। এ ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় এলাকাবাসী টহল পুলিশকে দায়ী করেছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গণেশপুর এলাকায় কলা চাষ হয় বেশি। গত ৫ মার্চ রাতে উথলী গ্রামের কৃষক আবদুল হান্নানের কলাখেত থেকে ৩০টি গাছ কেটে ফেলা হয়। এর পর থেকে একই গ্রামের জাহিদুল ইসলামের ২৫টি, শরাফত মণ্ডলের ১৮টি, সবুজ মিয়ার ১২টি ও সাইফুল ইসলামের ১০টি এবং গত শুক্রবার রাতে শহিদুল ইসলামের ৬৮টি কলাগাছ কেটে ফেলা হয়। উথলী গ্রামের কৃষক মোজাম্মেল হক, সবুজ মিয়া ও রোস্তম আলী অভিযোগ করে বলেন, ‘তিন বছর আগে তখনকার শিবগঞ্জ থানার (ওসি) আমাদের নামে নোটিশ করে থানায় ডেকে নিয়ে যান। তিনি জানান, গণেশপুর পুলিশ বক্সের আশপাশে কোনো কলার আবাদ করা যাবে না। গাছ বেশি হওয়ায় চুরি-ডাকাতি বেড়ে গেছে। কিন্তু কলা চাষ না করলে আমাদের সংসার চলবে কী করে? তাই আমরা কলা আবাদ করা অব্যাহত রাখি।’ গাছ কাটার জন্য পুলিশকে কেন সন্দেহ করছেন, এমন প্রশ্নের জবাবে একাধিক কৃষক জানান, কলাগাছ কাটার পর খেতে তাঁরা পুলিশের জুতার (বুট) দাগ দেখতে পেয়েছেন।শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘তবে গাছ কাটার ঘটনা সত্য।’ এর পেছনে তৃতীয় কোনো পক্ষ থাকতে পারে বলে সন্দেহ করেন তিনি। খেতে জুতার দাগের ব্যাপারে ওসি জানান, ওই দাগ পুলিশের জুতার নয়। যেহেতু কৃষকদের মনে সন্দেহ দেখা দিয়েছে, তাই দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।