ঝালকাঠি পৌর শহরে প্রতি শতাংশ ভিটা জমির সরকারি মূল্য এবারও ৬০ লাখ টাকা নির্ধারণ করেছে জমির বাজার মূল্য নির্ধারণ কমিটি। জমির সরকারি মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করায় জমি কেনাবেচার পর রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এ কারণে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গত রোববার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হলে তিনি এই নির্দেশ দেন।
সভায় উপস্থিত কয়েকজন জনপ্রতিনিধি প্রথম আলোকে বলেন, পৌর শহরে জমির সরকারি মূল্য অস্বাভাবিক বৃদ্ধি ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শুনে মন্ত্রী ক্ষুব্ধ হন। এরপর তিনি সরকারি মূল্য কমিয়ে আবার নির্ধারণ না হওয়া পর্যন্ত সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
সভায় শিল্পমন্ত্রী বলেন, ঝালকাঠি শহরের ১ শতাংশ জমির সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ টাকা। ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোর জমির দামের চেয়েও তা বেশি। তিনি পৌর শহরের জমির সরকারি মূল্য আবার নির্ধারণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ ও ২০১৬ সালে পৌর শহরে নাল জমির প্রতি শতাংশের সরকারি মূল্য ৬ লাখ ৫০ হাজার নির্ধারণ করা হয়। ২০১৭ ও ২০১৮ সালের জন্য তা বাড়িয়ে ১২ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকা করা হয়েছে। এদিকে প্রতি শতাংশ ভিটা (বসতভিটা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভিটা) ২০১৩ সালে ৬০ লাখ নির্ধারণ করা হয়। এ বছরও তা-ই রাখা হয়। অথচ এর আগে প্রতি শতাংশ বসতভিটার মূল্য ছিল মাত্র সাড়ে ৮ লাখ টাকা।
জেলা রেজিস্ট্রার মুন্সী আনিছুর রহমান বলেন, ‘২০১৩ সালে শহরের প্রতি শতাংশ ভিটামাটির মূল্য ৬০ লাখ নির্ধারণ করে জেলার জমির শ্রেণি গড় মূল্য বাজার কমিটি। ২০১৭ ও ২০১৮ সালের জন্য জমির সরকারি মূল্য নির্ধারণ করার সময় আমরা আগের মূল্যই অব্যাহত রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করি। কিন্তু এখন শিল্পমন্ত্রীর নির্দেশের পরে আমরা জমির দাম কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।’