প্রতি সংযোগে আয় সর্বোচ্চ ১ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ১৫ হাজারের বেশি চুলা জ্বলছে ঢাকার সাভার উপজেলার ১২টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং পাশের জেলা মানিকগঞ্জের ধামরাইসহ বিভিন্ন গ্রামে। আরও ১০ হাজার অবৈধ সংযোগের কাজ চলছে।
অনুসন্ধানে জানা গেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ অবৈধ সংযোগ দিচ্ছেন। সংযোগপ্রতি তাঁরা ৩০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। তিতাস গ্যাস কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধেও এ কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
অবৈধভাবে বসানো হয়েছে প্রায় ২০ কিলোমিটার বিতরণ ও সার্ভিস লাইন। লাইন বসানোর কাজ এখনো চলছে অনেক এলাকায়।
অবৈধ সংযোগ-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিতাসের তালিকাভুক্ত ১০টি গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের সনদ বাতিল করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানের সনদ স্থগিত করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুজন টেকনিশিয়ানকে।
সাভারের হেমায়েতপুর, জয়নাবাড়ী, রাজফুলবাড়িয়া, কলমা, পৌর এলাকাসহ আশুলিয়ার রাজাসন, খেজুরবাগ, ইয়ারপুর, জামগড়া, পাড়াগাঁও, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কবীরপুর, বাইদগাঁও, বাইপাইল, কাইচাবাড়ি, শিমুলিয়া, গোয়াইলবাড়ী, ডেন্ডাবর, পলাশবাড়ী, ভাদাইল, বারইপাড়া, শ্রীপুর, বলিভদ্র, সুবন্দি, কাঠগড়া, ছনটেকি, গাজীরচট, জিরাবর, বুড়িবাজার, ঘোষবাগসহ ধামরাই উপজেলার জয়পুরা এবং মানিকগঞ্জের সাটুরিয়া ও সদর উপজেলার কয়েকটি গ্রামে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে।
গত তিন দিন এসব এলাকা ঘুরে দেখা গেছে, ট্রাকে ও রিকশাভ্যানে করে আনা হচ্ছে পাইপ। তিতাসের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা যত্রতত্র রাস্তা কেটে এসব পাইপ বসাচ্ছেন। দেওয়া হচ্ছে চুলায় সংযোগ।
দক্ষ কারিগর ও প্রকৌশলীদের পরামর্শ ছাড়া বিতরণ ও সার্ভিস লাইন বসানোর কারণে ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এসব অঞ্চল। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিতাসের প্রকৌশলীরা।
ওই ঘোষণার পর মেসার্স বিক্রমপুর অ্যাসোসিয়েট নামের একটি গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের জুন মাসে প্রথম আশুলিয়ার কবীরপুর ও বাইতগাঁও এলাকায় অবৈধভাবে ২০০ ফুট বিতরণ লাইন ও ৭০০ ফুট সার্ভিস লাইন নির্মাণ করে কয়েক শ বাড়িতে সংযোগ দিয়ে এক কোটির বেশি টাকা হাতিয়ে নেয়। এর পরপরই সাভার, আশুলিয়া, ধামরাইসহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস-সংযোগের হিড়িক পড়ে যায়।

অবৈধ সংযোগের ব্যবস্থা করছেন যাঁরা
তিতাসের স্থানীয় কার্যালয় সূত্র এবং অবৈধ গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার কবীরপুর ও বাইতগাঁও এলাকায় অবৈধ সংযোগ দিচ্ছেন মেসার্স বিক্রমপুর অ্যাসোসিয়েট নামের একটি গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার সাফায়াত হোসেন। তাঁর বিরুদ্ধে তিতাস কর্তৃপক্ষ আশুলিয়া থানায় জিডি করেছে।
স্থানীয় প্রভাবশালী আবদুল মালেক, তাঁর ভাই আবদুল খালেকসহ কিয়ামুদ্দিন নামের এক ব্যক্তি সংযোগ দিচ্ছেন ধামরাইয়ের জয়পুরা ও গোয়াইল গ্রামে। তাঁদের সহায়তা করছেন তিতাস গ্যাসের মানিকগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের টেকনিশিয়ান রুহুল আমিন ও সঞ্জিৎ ঘোষ। এ দুজনকে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।
ধামরাই থানার এসআই শহীদুল ইসলাম সরদার বলেন, মালেক, তাঁর ভাই খালেকসহ কিয়ামুদ্দিন তিন শতাধিক লোকের কাছ থেকে সংযোগপ্রতি ৩০ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। থানায় তাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে। পলাতক থাকায় মালেক, খালেকসহ অন্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কাইচাবাড়ি, সুবন্দি, ছনটেকিসহ ধামসোনা ইউনিয়নে সংযোগ বিক্রি করছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফারুক আহামেঞ্চদ। তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বাবুল হোসেন, বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন এ কাজ করছেন।
ধামসোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল গফুর অভিযোগ করেন, ফারুক আহামেঞ্চদ তাঁর ঘনিষ্ঠজনদের মাধ্যমে সংযোগপ্রতি ৩০ হাজার থেকে এক লাখ নিয়ে কয়েক হাজার অবৈধ সংযোগ দিয়েছেন।
ফারুক আহামেঞ্চদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অবৈধ গ্যাসের সংযোগ দিচ্ছেন তিতাসের একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী। তাঁরা সম্পৃক্ত না থাকলে শত শত লোকের পক্ষে এভাবে অবৈধ সংযোগ নেওয়া সম্ভব নয়।
আশুলিয়ার বাইপাইল এলাকায় সংযোগ দিয়েছেন প্রভাবশালী বাচ্চু মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের সম্পদ জনগণ ব্যবহার করবে, তাতে অনুমোদনের দরকার কী? আমরা তো আর চুরি-ডাকাতি করছি না?’
শিমুলিয়াসহ আশপাশের এলাকায় এ বাণিজ্য চলছে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলামের পরোক্ষ মদদে। তাঁর সঙ্গে আছেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন। কাঠগড়া এলাকা নিয়ন্ত্রণ করছেন আশুলিয়া ইউপির সদস্য সাখাওয়াত হোসেন।
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আলী হোসেন আর ঘোষবাগে অবৈধ সংযোগ দিচ্ছেন আওয়ামী লীগের কর্মী মজিবর রহমান।
সাভারের রাজফুলবাড়িয়া ও আশপাশের এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন কাউসার আহামেঞ্চদ নামে তিতাসের ঠিকাদার।

সংযোগ হাজার হাজার মামলা তিনটি

হাজার হাজার অবৈধ সংযোগের বিপরীতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। গত নয় মাসে সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় দুটি মামলাসহ পাঁচটি জিডি করা হয়েছে। এর অধিকাংশই হয়েছে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে।
অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ায় আশুলিয়ার খেজুরবাগান এলাকার জাফর আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। জিডি হয়েছে মেসার্স বিক্রমপুর অ্যাসোসিয়েটের অংশীদার সাফায়াত হোসেন, নিশ্চিন্তপুরের আলী হোসেন এবং জিরানী ও গাজীপুরের শ্রীপুর এলাকার অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে।
সাভার থানায় জিডি করা হয় সাভার পৌর এলাকার বাজার সড়কের ইউনুস আলী এবং হেমায়েতপুরের মমতাজ মেমোরিয়াল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অংশীদার আসাদ মিয়া ও নবী হোসেনের বিরুদ্ধে। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি ধামরাই থানায় মামলা করা হয় জয়পুরার কিয়ামুদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে।
তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদিন বলেন, স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাদের ছত্রচ্ছায়ায় অবৈধ গ্যাস-সংযোগের প্রতিযোগিতা চলছে। এসব সংযোগ দিয়ে তাঁরা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।