চিকিৎসক-সংকটে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিভাগের ছয় জেলায় চিকিৎসকের এক হাজার ৬৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩৬৪ জন। ৭০৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
বিভাগের মোট জনসংখ্যা ৮৩ লাখ ২৫ হাজার ৬৬৬। কর্মরত চিকিৎসকদের সংখ্যা অনুযায়ী বিভাগে বিভাগের প্রতি ২৩ হাজার লোকের জন্য মাত্র একজন চিকিৎসক কর্মরত রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, এক হাজার শয্যার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের ছয় জেলায় ৪০টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং ২৫০ শয্যার একটি, ১০০ শয্যার পাঁচটি, ২০ শয্যার পাঁচটি ও ১০ শয্যার তিনটি হাসপাতাল রয়েছে। এ ছাড়া চারটি বক্ষব্যাধি ক্লিনিক, একটি স্কুল হেলথ ক্লিনিক, ২৬৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এসব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট এক হাজার ৬৭টি চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে এখানে কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র ৩৬৪ জন। ফলে বিপুলসংখ্যক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বিভাগের মোট জনসংখ্যা ৮৩ লাখ ২৫ হাজার ৬৬৬ জন।
জানা গেছে, বরগুনায় চিকিৎসকের ১৪১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩৫ জন। এর মধ্যে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল ও সদর উপজেলায় ৩৪ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ১১ জন। এ জেলার জনসংখ্যা আট লাখ ৮৩ হাজার।
বরিশাল জেলায় ২২ লাখ ৯১ হাজার মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ২২২টি পদের বিপরীতে কর্মরত মাত্র ১১১ জন। এখানে গড়ে প্রতি ২০ হাজার ৬৩৯ জন মানুষের জন্য একজন চিকিৎসক রয়েছেন। পটুয়াখালীর ১৫ লাখ ১৭ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় জেলায় চিকিৎসকের ২৩৭টি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৭২ জন। এখানে প্রতি ২১ হাজার ৭৯ জন মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক।
ভোলার ১৭ লাখ ৫৬ হাজার মানুষের জন্য ২০০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৫৩ জন। ১৪৭ জন চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এখানে গড়ে প্রতি ৩৩ হাজার ১৩২ জন লোকের স্বাস্থ্যসেবার জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক।
পিরোজপুরের ১১ লাখ তিন হাজার মানুষের স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসকের পদ রয়েছে ৫৯টি। এ জেলায় ১৫৭টি চিকিৎসক পদের বিপরীতে শূন্য রয়েছে ৯৮টি। এখানে প্রতি ১৮ হাজার ৬৯৪ জনের স্বাস্থ্যসেবার জন্য রয়েছেন মাত্র একজন করে চিকিৎসক। ঝালকাঠীর পাঁচ লাখ ৯৬ হাজার মানুষের স্বাস্থ্যসেবার জন্য ১০২টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪১ জন। প্রতি ১৪ হাজার ৫৩৬ জনের চিকিৎসাসেবার জন্য রয়েছেন একজন চিকিৎসক।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোস্তাক আল মেহেদী বলেন, চিকিৎসক-সংকট দূর করার জন্য তাঁরা প্রতি মাসে মন্ত্রণালয়ে চিঠি দেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা শিগগিরই এই সংকট সমাধান করার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছেন। চিকিৎসক-সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ঢাকা ও বিভাগীয় শহরের বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ে থাকতে চিকিৎসকদের মধ্যে কিছুটা অনীহা রয়েছে। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।