
কয়েক মাস আগে মায়ের সঙ্গে প্রথম লক্ষ্মীপুরের কারা ফটকে এসেছিলেন সানজিদা। জমিজমা নিয়ে বাড়ির অন্যদের সঙ্গে বিরোধ মেটাতে সালিস নিয়ে কারাবন্দী তাহেরপুত্র এইচ এম বিপ্লবের কাছে এসেছিলেন মা-মেয়ে। সানজিদাকে পছন্দ হয় বিপ্লবের। পিতৃহারা সানজিদার পরিবারের আর গত্যন্তর ছিল না। এর ধারাবাহিকতায় শুক্রবার লক্ষ্মীপুর জেলা কারাগারে দুজনের বিয়ে সম্পন্ন হয়।
উভয় পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে বিয়ের নেপথ্যের এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের বড় ছেলে ও একাধিক খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি বিপ্লব কারাগারে বসেও অনেকের সালিস-দরবার করেন। তাঁর কথা ফেলার সাহস সাধারণ মানুষের নেই। সে কারণে তাঁর দ্বারস্থ হয়েছিল শহরের লামচরী এলাকার মৃত আবুল খায়েরের পরিবার।
সানজিদা খায়ের লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। বিপ্লব ১৯৯২ সালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
একটি বহুল আলোচিত রাজনৈতিক খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং পরে রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্ত বিপ্লবের কারাগারে বসে এই বিয়ের ঘটনা গতকাল শনিবার লক্ষ্মীপুরের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। তিনি এখন অপর দুটি হত্যা মামলায় সাজা ভোগ করছেন।
এই বিয়ের বিষয়ে কনের পরিবারের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। বিয়ের কাবিনে কারা সাক্ষী হয়েছিলেন, তাও বলতে রাজি হননি নিকাহ রেজিস্ট্রার (কাজি) ফজলুল করিম। বরের পরিবারের পক্ষ থেকেও গণমাধ্যমকে কিছু বলা হয়নি।
কারা কর্তৃপক্ষ বলছে, কারাবিধি অনুযায়ী, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে এই বিয়ে হয়েছে। বিয়ের সময় কনে কারা ফটকে আসেননি। শুধু নিকাহ রেজিস্ট্রারসহ কয়েকজন এসে বন্দী বিপ্লবের সই নিয়েছেন কাবিনে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বিয়ের আগে শুক্রবার বিকেলে কারাগারে বিপ্লবের গায়েহলুদ হয়। ওই দিন রাত সাড়ে আটটার দিকে পৌর মেয়রের বাসভবন থেকে চারটি গাড়ি ও ২০টি মোটরসাইকেল নিয়ে বরের বাবা আবু তাহের, মা নাজমা তাহের, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী, চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন পাটওয়ারীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি কনের বাড়ি গিয়ে ভোজে অংশ নেন। খাবার শেষে কনেকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হয়।
ঢাকার একটি গোয়েন্দা সূত্র জানায়, সংস্থার লক্ষ্মীপুর কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকতার পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাসযোগে কনে সানজিদা কারাগারে বিপ্লবের সঙ্গে দেখা করতে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর কারাগারের জেলার জয়নাল আবেদিনের মুঠোফোনে বারবার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে লক্ষ্মীপুর কারাগারের তত্ত্বাবধায়ক মাহবুবুল আলম গতকাল বিবিসিকে বলেন, ‘ওনার (বিপ্লব) বাবা আবেদন করেছেন। জেলা প্রশাসক অনুমতি দিয়ে চিঠি দিয়েছেন। জেলারের কক্ষে ওনার দু-তিনজন লোক ছিলেন। কাজি এসে বিয়ের নিকাহনামায় স্বাক্ষর করিয়ে নিয়ে গেছেন।’
কনে এসেছেন কি না—এ প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, ‘কনে উপস্থিত ছিলেন না। কাজি আগেই তাঁর স্বাক্ষর নিয়ে এসেছেন। মেয়ে আসে নাই। এখানে কোনো মেয়ে আসে নাই।’
বিয়ের সময় সেখানকার পরিবেশ কেমন ছিল—এ প্রশ্নের জবাবে কারা তত্ত্বাবধায়ক বলেন, স্বাভাবিক পরিবেশ ছিল। সেখানে জেলার, কাজি ও দু-তিনজন সাক্ষী ছিলেন। জেলখানায় বিয়ের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি পেয়ে আমরা সে অনুযায়ী কাজ করেছি।’
জেলখানার নিয়মে বর-কনে কীভাবে দেখা করবেন—জবাবে মাহবুবুল আলম বলেন, দেখা-সাক্ষাতের জন্য কক্ষ আছে। তবে আসামি ও সাক্ষাৎকারীর মধ্যে নেট থাকে। এর ফাঁক দিয়ে কথা বলে। ১৫ থেকে ৩০ দিন পর পর দেখা করার সুযোগ দেওয়া হয়। বিশেষ বিবেচনায় দেখা করারও সুযোগ আছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে বিএনপির নেতা ও আইনজীবী নূরুল ইসলামকে অপহরণ করে হত্যার দায়ে আদালত বিপ্লবকে ফাঁসির দণ্ড দেন। ২০১১ সালে তাঁর এই সাজা তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মাফ করে দেন। পরের বছর রাষ্ট্রপতি আরও দুটি হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন।