জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পরীক্ষায় ছয় পরীক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ওই ছয় শিক্ষার্থীর পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।জেলা প্রশাসক মোহামঞ্চদ ইয়াছিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম) উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। সাইদ-আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ কেন্দ্রের দুটি কক্ষে ১২ পরীক্ষার্থীর আসনবিন্যাস ছিল। কিন্তু কেন্দ্রসচিব দুই কক্ষের পরীক্ষার্থীদের একটি কক্ষে আসন পুনর্বিন্যাস করে পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে ইউএনও কক্ষে গিয়ে অন্য কক্ষ থেকে আসা ছয়জন পরীক্ষার্থীর উত্তর ও প্রবেশপত্র কেড়ে নিয়ে কেন্দ্রসচিবকে ডেকে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন। কেন্দ্রসচিব জি এম কিবরিয়া বলেন, ‘বিধি অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হলেও অজানা কারণে ইউএনও আমাকে ওই ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে বাধ্য করেছেন। তবে কেন্দ্রে কোনো ধরনের নকল হয়নি।’ইউএনও শাহানা আখতার জাহান বলেন, ‘আমার কাজ আমি করেছি, কারও অভিযোগ করার সুযোগ নেই।’ বহিষ্কার হওয়া ফেরদৌসী ও ফারজানার বাবা পান্না চৌধুরী বলেন, ‘আমি গরিব ও অসহায় ব্যক্তি। নকল না করেও আমার দুই মেয়ে বহিষ্কার হলো কেন? আমি এর সুবিচার চাই।’বহিষ্কৃত পলাশ মোল্লা বলেন, ‘আসন পুনর্বিন্যাস করেছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে আমাদের কোনো দোষ নেই। অথচ এ কারণে আমাদের বহিষ্কার করা হলো। আমরা এর সুবিচার চাই। প্রয়োজনে আমরা ইউএনওর বিরুদ্ধে মামলা করতেও রাজি আছি।’