পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। এতে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির।
হুমায়ুন কবির গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোর কাছে মুঠোফোনে এই হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার প্রচার শুরু হওয়ার আগে আচরণবিধি লঙ্ঘন করে পৌর শহরে সাত-আটটি সভা করেন। এরপর তাঁর সমর্থকেরা বিভিন্ন জায়গায় আমার পোস্টার-ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছেন। এসব বিষয় উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আমার অভিযোগের ব্যাপারে কার্যকরী কোনো ব্যবস্থা রিটার্নিং কর্মকর্তা নেননি। এটা সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের অন্তরায় বলে আমি মনে করি।’
তবে বিপুল চন্দ্র হাওলাদার এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে কলাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. ইমরান বিশ্বাস গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে তাঁর প্রচারকাজে বাধা দেওয়াসহ কর্মী-সমর্থকদের মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার সকাল ১০টার দিকে কবি নজরুল ইসলাম সড়কে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার এক ভাই এবং বেলা পৌনে একটার দিকে এতিমখানা মাদ্রাসার পশ্চিম পাশের সড়কে তাঁর আরেক ভাই নির্বাচনী কাজে বাধা ও হুমকি দেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে গোলাম কিবরিয়া বলেন, ‘আমার ভাই বা কোনো সমর্থক ইমরানের সমর্থকদের বাধা বা হুমকি দেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। ইমরান বিশ্বাসের অভিযোগ এখনো পাইনি।’