প্রতিকূল আবহাওয়া, দামও কম কমছে আমনের আবাদ
রাজশাহীতে গত চার বছরে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ কমে গেছে। এসব জমিতে কৃষকেরা এখন অন্য ফসলের আবাদ করছেন। কিছু জমি পতিত পড়ে রয়েছে। বৃষ্টিপাত ও ধানের দাম কমে যাওয়ার কারণে কৃষকেরা এখন আমন ধানের পরিবর্তে অন্য ফসলের দিকে ঝুঁকছেন।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে ২০০৮ সালে আমনের চাষ করা হয় ৮৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে। ২০১০ সালে আমন চাষ করা হয় ৭৭ হাজার ৬০ হেক্টর জমিতে। চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত মাত্র ৬৫ হাজার ৮৬৬ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। এ চার বছরে ছোলা ও অন্যান্য শাকসবজি চাষের পরিমাণ বেড়েছে। পবা উপজেলার বড়গাছি এলাকার কৃষক রহিমুদ্দীন কৃষিতে অবদানের জন্য চারবার কৃষিপদক পেয়েছেন। তিনি গত বছর ১২ বিঘা জমিতে আমনের চাষ করেছিলেন। এবার এ ধানের আবাদ করেছেন ছয় বিঘা জমিতে। বাকি জমিতে করলা, মরিচ ও বরবটি চাষ করেছেন। গত সোমবার বড়গাছি বাজারে কথা হয় রহিমুদ্দীনের সঙ্গে। তিনি বলেন, বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমনের আবাদ করা যাচ্ছে না। আমন ধানে অনেক পানির প্রয়োজন। এ পরিমাণ পানি সেচ দিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। ধানের যা দাম, তাতে এই খরচ উঠানো সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে তিনি তাঁর বাকি ছয় বিঘা জমিতে সবজি চাষ করেছেন। সবজিতে পানি কম লাগছে। আবার দামও ভালো পাওয়া যাবে। ধানের চেয়ে সবজি চাষ অনেক লাভজনক।একই এলাকার কৃষক আফজাল হোসেন জানান, ২০১১ সালে তিনি ১৩ বিঘা জমিতে আমনের চাষ করেছিলেন। এবার মাত্র পাঁচ বিঘা জমিতে তিনি এ ধানের চাষ করেছেন। তিন বিঘা জমিতে তিনি মরিচ ও করলা চাষ করেছেন। বাকি জমি পতিত রেখে দিয়েছেন। তিনি বলেন, বৃষ্টির ভরসা না পেয়ে এ তিন বিঘা জমিতে কোনো ফসল বা সবজির চাষ করেননি। গোদাগাড়ির ভাটোপাড়া গ্রামের কৃষক বজলুর রহমান বলেন, ‘প্রতিবছর ধান চাষ করে মার খাচ্ছি। দাম পাচ্ছি না। এক বিঘা জমিতে দুই-তিন হাজার টাকা লোকসান হচ্ছে। এবার আমন মৌসুমে চার বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। বৃষ্টি না হওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। ধানের খেত ভেঙে দিয়ে এক বিঘা জমিতে শিমের চাষ করেছি। গাছ ভালো হয়েছে। আশা করছি, ধানের ক্ষতি শিমে উঠে যাবে।’ রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিন বলেন, বৃষ্টিপাত কম হওয়ার কারণে আমন চাষের পরিমাণ হ্রাস পাচ্ছে। এ ছাড়া ধানের দাম কম। এটাও আমন চাষ কমে যাওয়ার আরেকটি কারণ। তাঁরা কয়েক বছর ধরে ধানের পাশাপাশি কম পানিতে চাষ হয়—এমন অন্যান্য ফসল চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন।