প্রতিকূল আবহাওয়ায় নড়াইলে পাটের উৎপাদন নিয়ে শঙ্কা
সঠিক সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় নড়াইলে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কৃষকের প্রায় ৫৪ কোটি টাকা লোকসান হবে। পরিস্থিতি সামাল দিতে কৃষি কর্মকর্তারা পাটখেতে সেচ দেওয়ার পরামর্শ দিলেও পাটের দাম না থাকায় কৃষকেরা অতিরিক্ত খরচ করে সেচ দিতে আগ্রহী হচ্ছেন না।জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণত কৃষকেরা চৈত্র ও বৈশাখ মাসে খেতে পাটের বীজ বপন করেন। পাটের চারা বৃদ্ধির জন্য জ্যৈষ্ঠ মাসে প্রচুর বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ওই সময় বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে পাটগাছের উচ্চতা পাঁচ ফুট হলে উৎপাদন ভালো হয়। গাছের উচ্চতা তিন ফুটের বেশি হলেও উৎপাদন মোটামুটি ভালো হয়। কিন্তু উচ্চতা এর চেয়ে কম হলে উৎপাদন কম হয় এবং পাটের আঁশের মানও খারাপ হয়। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার ২২ হাজার ৩০২ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ জমিতে সেচের মাধ্যমে পাট চাষ করা হয়েছে। এসব খেতে পাটগাছের উচ্চতা পাঁচ ফুটের বেশি। ৪০ শতাংশ জমির পাটগাছের উচ্চতা তিন ফুটের অধিক—যা মোটামুটি এবং বাকি ৩০ শতাংশ জমিতে পাটগাছের উচ্চতা দুই ফুটের নিচে। এ কারণে এই ৩০ শতাংশ জমি থেকে কোনো পাট পাওয়া যাবে না। এবার হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫৮ মণ। বর্তমানে প্রতি মণ পাটের গড় বাজারদর এক হাজার ৪০০ টাকা। ৩০ শতাংশ জমিতে উৎপাদন না হলে প্রায় চার লাখ মণ পাট কম হবে। এতে ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ কোটি টাকা।কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের তারাপুর গ্রামের কৃষক সুবোধ বিশ্বাস বলেন, ‘এ বছর পাঁচ একর জমিতে পাট চাষ করেছি। বৃষ্টির অভাবে পাটগাছগুলো শুকিয়ে ঢলে পড়েছে।’ লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামের রমজান আলী বলেন, ‘অন্য ফসল না বুনে এবার সব জমিতে পাট চাষ করে ভুল করেছি। বৃষ্টি না হওয়ায় চরম একটা ক্ষতি হয়ে গেল।’ স্থানীয় মিঠাপুর বাজারের পাট ব্যবসায়ী আবদুর রহমান জানান, নড়াইলে প্রতিবছর প্রায় ৫০-৬০ কোটি টাকার পাট বেচাকেনা হয়।জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক ছবিহরি দাস বলেন, বৃষ্টির অভাবে পাটগাছের বৃদ্ধি কম হয়েছে। ফলে উৎপাদন কমে যাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে নড়াইল এলাকার পাটের মান ভালো। কিন্তু বৃষ্টিপাতের অভাবে এবার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পর্যন্ত যে ক্ষতি হয়েছে, তাতে ৩০ ভাগ পাট কম উৎপাদিত হবে। ক্ষতির পরিমাণ কমাতে কৃষকদের জমিতে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।