প্রতিকূলতা কাটিয়ে বাঙালিরা ব্রিটেনে খাপ খাইয়ে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালিরা ব্রিটেনে প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতি কাটিয়ে উঠে বর্তমানে সেখানকার সমাজব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। গতকাল সোমবার বিকেলে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায় এ কথা বলেছেন ব্রিটেনের বাঙালি মানবাধিকারকর্মী ও গবেষক নাজিয়া খানম।নিজস্ব কার্যালয়ে এশিয়াটিক সোসাইটি এই বক্তৃতার আয়োজন করে। ‘যুক্তরাজ্যে বাংলাদেশিদের অভিজ্ঞতার নানা দিক’ শীর্ষক এই বক্তৃতায় নাজিয়া খানম বলেন, বাঙালিদের বড় অংশ ব্রিটেনে যেতে শুরু করে গত শতকের পঞ্চাশ থেকে সত্তরের দশকে। তখন থেকেই ইসলাম ও মুসলমানদের প্রতি স্থানীয় মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও বর্ণবাদের কারণে বাঙালিদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে বর্তমানে সেই অবস্থা নেই। প্রতিকূলতা কাটিয়ে এখন সেখানে ভালো অবস্থানে রয়েছে বাঙালিরা।নাজিয়া খানম জানান, শুরুতে সম্মানজনক চাকরির সংকটে থাকলেও বর্তমানে বাঙালিরা শিক্ষকতা, ব্যাংকিং, সরকারি চাকরি, আইন, চিকিৎসা ইত্যাদি পেশায়ও ভালো করছে। যুক্তরাজ্যে ভারতীয় রেস্টুরেন্ট নামে যেসব রেস্টুরেন্ট রয়েছে, তার ৮৫ শতাংশই বাঙালিরা পরিচালনা করে। ক্যাটারিং সেবায় ৪৫ শতাংশই বাঙালিরা করে থাকে। ২০০৫ সালে এই খাত থেকে বাঙালিরা ৩২০ মিলিয়ন পাউন্ড আয় করেছে। তবে বাঙালিরা এখনো বেশ কিছু সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। তিনি বলেন, যুক্তরাজ্যের আইন সম্পর্কে তাদের ভালো ধারণা নেই। মুসলিম মূল্যবোধের কারণে পরিবারের কর্তারা এখনো ছেলেমেয়েকে মারধর করেন। এ ধরনের কাজ ব্রিটেনে অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় অনেককেই আইনি সমস্যায় পড়তে হয়। বাঙালিরা এখনো দারিদ্র্য কাটিয়ে উঠতে পারেনি বলেও তিনি জানান।এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব অধ্যাপক মাহফুজা খানম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক শরীফউদ্দিন আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।