প্রতিকূলতা ঠেলে আকাশছোঁয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান, রাব্বি ইসলাম, অঞ্জন কুমার দেব, কনা খাতুন
মিজানুর রহমান, রাব্বি ইসলাম, অঞ্জন কুমার দেব, কনা খাতুন

চারজনের গল্প প্রায় একই রকম। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছে ওরা। পায়নি তিন বেলা ঠিকমতো খাবার; জোগাতে পারেনি পড়াশোনার খরচ। তবে প্রতিকূলতা যতই হোক, আকাশছোঁয়ার স্বপ্ন, দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে সবকিছুকে হার মানিয়েছে ওরা। এসএসসি পরীক্ষা দিয়ে করেছে অসাধারণ ফল। পেয়েছে জিপিএ-৫। দারিদ্র্যঘেরা পরিবারে জ্বেলেছে আলো।
রাজমিস্ত্রির কাজ করে মিজানুর: বাবা মারা গেছেন ছয় বছর আগে। মা করেন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ। সাত ভাইবোনের সংসারে চার বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই ও মাকে নিয়ে চারজনের পরিবার মিজানুর রহমানের। রাজমিস্ত্রির কাজ করে তার আয়েই চলে এই সংসার।
মিজানুর এবার লালমনিরহাটের হাতীবান্ধা এসএস মডেল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দক্ষিণ গড্ডিমারী গ্রামে ছোট ভিটার ওপর একটি টিনের চালাঘর মিজানুরদের। রাজমিস্ত্রির কাজ করে যা আয় হয়, তা দিয়ে পরিবারের ভরণপোষণ আর নিজের লেখাপড়া—দুই-ই চলে তার। কাজের ফাঁকে মিজানুর মনে প্রকৌশলী হওয়ার স্বপ্ন আঁকে।
কষ্ট পেরিয়ে আলোর পথে রাব্বি: বিদ্যালয়ে যাওয়ার আগে ও ছুটির শেষে অন্যের দোকানে বসে ফল বিক্রির পাশাপাশি লেখাপড়া করেছে রাব্বি ইসলাম। এতে অনেক কষ্ট হয়েছে তার। এসব পেরিয়ে বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।
রাব্বির বাবা সৈয়দ আলী। ধুনট সদরপাড়া গ্রামে তাঁর ছয় শতক ভিটাবাড়ি ছাড়া কোনো জমিজমা নেই। পেটের দায়ে ধুনট বাজারে অন্যের ফলের দোকানে চাকরি করেন। সৈয়দ আলী বলেন, ‘আমার অভাব ও দুঃখ-কষ্টভরা সংসার। সকাল থেকে রাত পর্যন্ত একা দোকানদারি করতে হয়। তাই কষ্ট দেখে ছেলেটা স্কুলে যাওয়ার আগে-পরে দোকানে বসে ফল বিক্রি করে। নিজের ইচ্ছায় যা পড়েছে, তা-ই দিয়ে ভালো ফল পেয়েছে।’
দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও সফল অঞ্জন: অঞ্জন কুমার দেব দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যান। ভাইবোন, মাসহ পাঁচজনের জীবনে সে সময়ই নেমে আসে কঠিন দুর্যোগ। দুই বোন টিউশনি করে সংসারের হাল ধরার পাশাপাশি দুই ভাইয়ের লেখাপড়ায় সাহায্য করেছেন। এরই মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক চোখের রেটিনা নষ্ট হয়ে চোখটির দৃষ্টিশক্তি হারায় অঞ্জন। শুরু হয় নতুন যুদ্ধ। তবু এ বছর কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে সে।
অঞ্জনের বাবা তপন কুমার দেব ২০০৭ সালে হৃদ্রোগে মারা যান। সামান্য ভিটা ছাড়া কিছুই রেখে যেতে পারেননি তিনি। চরম দারিদ্র্যের মাঝে কঠোর অধ্যবসায় করে এবার এসএসসিতে সাফল্য পেয়েছে অঞ্জন। অঞ্জন এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।
কণার স্বপ্ন ম্যাজিস্ট্রেট হবে: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের দিনমজুর আবদুল করিমের মেয়ে কণা খাতুন। হাঁস পুষে আর টিউশনি করে উপজেলার গাড়াদহ বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।
কণার বাবা আবদুল করিম জানান, পরের বাড়িতে ঘর তুলে বসবাস করছেন। দিনমজুরের আয় থেকে দুই ছেলে ও এক মেয়ে নিয়ে কোনোমতে দিনাতিপাত করেন। বড় ছেলে এইচএসসি শেষে অর্থাভাবে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে লেখাপড়ার খরচ চালাচ্ছে।
কণা বলে, সমাজে নানা অনিয়ম। দরিদ্র মানুষ বিচার পায় না। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট হতে চায় সে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: সিরাজগঞ্জ, পাটগ্রাম (লালমনিরহাট) ও ধুনট (বগুড়া) প্রতিনিধি এবং কুড়িগ্রাম অফিস}